মানব পাচারকারীদের ঈশ্বরের বিচারের হুঁশিয়ারি দিলেন পোপ লিও

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে সপ্তাহব্যাপী সফরের শেষ পর্যায়ে এসে মানব পাচারকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পোপ লিও। ইউরোপে প্রবেশের চেষ্টায় মরিয়া আফ্রিকা থেকে আসা অসহায় মানুষদের নিয়ে যারা মৃত্যুপথ তৈরি করছে, তাদের ঈশ্বরের বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মার্কিন নাগরিক পোপ লিও শুক্রবার এই দ্বীপপুঞ্জে অবস্থানকালে পাচারকারীদের অবিলম্বে এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ করে অনুতপ্ত হওয়ার আহ্বান জানান।
আটলান্টিক মহাসাগরের বিপদসংকুল পথ পাড়ি দিয়ে অভিবাসীদের ইউরোপে প্রবেশের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত স্পেনের এই দ্বীপপুঞ্জ। অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ নৌকায় করে এই সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে গত বছর তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘কামিনান্দো ফ্রন্টেরাস’। সরকারি তথ্য অনুযায়ী, ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে; যেখানে ২০১৫ সালে ১ হাজার জনের কম অভিবাসী এলেও ২০২৪ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৮৪৩ জনে।
সফরকালে টেনেরিফের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন পোপ লিও। সেখানে তিনি অভিবাসীদের করুণ অভিজ্ঞতার কথা শোনেন এবং তাদের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের প্রতি সমর্থন জানান। বুসো দিউফ নামের এক অভিবাসী নারী পোপের কাছে কোনো বিশেষ সুযোগ-সুবিধার দাবি না জানিয়ে কেবলমাত্র মানবিক মর্যাদা ও সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ প্রার্থনা করেন।
সারা বিশ্বের নেতাদের প্রতি পোপ লিও আহ্বান জানিয়ে বলেন, যারা যুদ্ধ কিংবা দারিদ্র্যের কশাঘাত থেকে পালিয়ে আসা মানুষদের দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে, ইতিহাসের পাতায় তাদের কঠোর নিন্দা করা হবে। তিনি বিশ্ব নেতাদের অভিবাসীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার অনুরোধ জানান। পোপ লিও স্পষ্ট করেন যে, প্রতিটি জীবনের অপচয় এবং পরিবারকে প্রতারিত করার দায়ভার একদিন প্রতিটি পাচারকারীকে ঐশ্বরিক বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে শোধ করতে হবে।
তথ্যসূত্র: আল জাজিরা