AdvertisementAdvertisement

লেবাননে ইসরায়েলি হামলায় আটজন নিহত, নেতানিয়াহুকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা কিছুটা থিতিয়ে আসার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের টায়ার শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার চালানো এই প্রাণঘাতী হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, এই সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলকে একাই সব পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

মঙ্গলবারের হামলায় টায়ার শহরের পুরো এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। প্রথমবারের মতো খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোকেও এই উচ্ছেদ নির্দেশের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। এর আগে সোমবারও শহরটিতে চালানো হামলায় ৫ জন নিহত এবং চারজন প্যারামেডিকসহ বেশ কয়েকজন আহত হয়েছিলেন। লেবাননের অন্যান্য অঞ্চলে একই দিনে আরও অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে এবং এরপর হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া হবে। ট্রাম্পের দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ সরাসরি বোমা হামলার চেয়েও বেশি কার্যকর প্রমাণিত হয়েছে, যা তেহরানকে সমঝোতায় আসতে বাধ্য করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলকে অচিরেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে একা লড়তে হবে। জবাবে নেতানিয়াহু দাবি করেছেন, আত্মরক্ষার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে এবং তারা সেই অধিকার প্রয়োগ করছেন। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যেকোনো চুক্তিতে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের শর্ত অন্তর্ভুক্ত থাকতে হবে।

Advertisement
বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটন এই উত্তেজনার জন্য সরাসরি দায়ী। তিনি বলেন, যুদ্ধবিরতি আলোচনার অংশীদার হিসেবে ইসরায়েলের কর্মকাণ্ডের দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তেহরান এখনো আলোচনার টেবিলে রয়েছে এবং পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা চলছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৬৩৭ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১১ হাজার ১৮৮ জনে দাঁড়িয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানিয়েছেন, গত ১৬ এপ্রিল তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েল প্রায় ৩ হাজার ৫০০ বার বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৪ শতাধিক স্থাপনা ধ্বংস এবং বেশ কিছু গ্রাম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%