বার্লিনে ইবোলা জয় করলেন মার্কিন চিকিৎসক

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে কর্মরত অবস্থায় ইবোলা ভাইরাসে আক্রান্ত এক মার্কিন চিকিৎসক বার্লিনের শারিটে হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে উঠেছেন। ৩৯ বছর বয়সী পিটার স্ট্যাফোর্ড নামের ওই সার্জন গত ২০ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংক্রমণের ঝুঁকি এড়াতে তাকে কঠোর কোয়ারেন্টিন ব্যবস্থায় রাখা হয়েছিল। শনিবার হাসপাতালের চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দিয়েছেন।
পিটার স্ট্যাফোর্ড কঙ্গোর পূর্বাঞ্চলে একটি খ্রিস্টান মিশনারি সংস্থায় কাজ করতেন। ধারণা করা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাব ঘোষিত হওয়ার আগেই এক ইবোলা রোগীর অস্ত্রোপচারের সময় তিনি এই ভাইরাসের বিরল ‘বুন্দিবুগিও’ প্রজাতিতে সংক্রমিত হয়েছিলেন। তাকে উগান্ডা থেকে বিশেষ বিমানে বার্লিনে নিয়ে আসা হয়। হাসপাতালের সংক্রামক ব্যাধি বিভাগের পরিচালক লেইফ এরিক স্যান্ডার এই রোগীর সুস্থ হয়ে ওঠাকে একটি তাৎপর্যপূর্ণ থেরাপিউটিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন।
চিকিৎসাধীন অবস্থায় স্ট্যাফোর্ডকে পরীক্ষামূলক চিকিৎসা দেওয়া হয়েছিল, যার সুফল তিনি পেয়েছেন। সুস্থ হওয়ার পর স্ট্যাফোর্ড কৃতজ্ঞতা প্রকাশ করলেও কঙ্গোর সাধারণ মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, সেখানে সাধারণ মানুষের জন্য এমন উন্নত চিকিৎসার সুযোগ নেই। তার পরিবারের সদস্যরাও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকায় কোয়ারেন্টিনে ছিলেন, শনিবার তাদেরও অবমুক্ত করা হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইবোলার এই নতুন প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কঙ্গোতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪৮৮ জনে দাঁড়িয়েছে এবং প্রাণ হারিয়েছেন ৮৬ জন। এছাড়া উগান্ডাতেও ১৯ জন আক্রান্ত এবং ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় উগান্ডা সীমান্ত প্রায় বন্ধ করে দেওয়ায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সতর্ক করে জানিয়েছে, এই মহামারি ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা পরিস্থিতিকেও ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে ইবোলার বুন্দিবুগিও প্রজাতির জন্য কোনো অনুমোদিত টিকা নেই, যদিও তিনটি ভ্যাকসিনের ওপর দ্রুত গবেষণার কাজ চলছে।
তথ্যসূত্র: আল জাজিরা