AdvertisementAdvertisement

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংহতি বাড়াতে পেন্টাগনের প্রস্তাবের বিরুদ্ধে প্রস্তাব নাকচ কমিটির

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট থেকে ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারের বিতর্কিত একটি ধারা বাতিলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির হাউস আর্মড সার্ভিসেস কমিটি বৃহস্পতিবার কণ্ঠভোটে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্নার উত্থাপিত সংশোধনীটি নাকচ করে দেয়। এই সিদ্ধান্তের ফলে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের (এনডিএএ) আওতায় প্রস্তাবিত ‘সেকশন ২২৪’ এখন প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটাভুটির দিকে এগিয়ে যাচ্ছে।

প্রস্তাবিত এই ধারার অধীনে পেন্টাগনকে এমন একজন নির্বাহী প্রতিনিধি নিয়োগ করতে হবে, যিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রযুক্তি গবেষণা, উন্নয়ন ও শিল্প সহযোগিতার সমন্বয় করবেন। সমালোচকদের মতে, এই ধারাটি কার্যকর হলে ওয়াশিংটনের সামরিক সহায়তা প্রক্রিয়া আরও অস্বচ্ছ হয়ে পড়বে। এর ফলে মার্কিন প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থায় ইসরায়েলি প্রযুক্তির অন্তর্ভুক্তি আরও গভীর হবে, যা মূলত বার্ষিক বাজেট প্রক্রিয়ার জবাবদিহিতার বাইরে থেকে যাবে।

Advertisement
বিজ্ঞাপন

কংগ্রেসম্যান রো খান্না তার বক্তব্যে অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের পদক্ষেপ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অদূরদর্শী নীতিকেই উৎসাহিত করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে হওয়া উচিত এবং অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে মার্কিন নীতি পরিচালিত হতে পারে না। খান্নার মতে, যখন মার্কিন জনমত ইসরায়েলের প্রতি সমর্থন কমিয়ে আনছে, তখন এই ধরনের একীভূতকরণ প্রক্রিয়া জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।

নেতানিয়াহু নিজেও মার্কিন সামরিক সহায়তাকে কেবল আর্থিক সাহায্য হিসেবে না রেখে একে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরের চেষ্টা করছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান মার্লিন স্টুটজম্যানকে লেখা এক চিঠিতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো খাতে যৌথ উৎপাদন ও বিনিয়োগের ওপর জোর দিয়েছেন। সমালোচকদের আশঙ্কা, এর মাধ্যমে ইসরায়েলের ‘যুদ্ধ-পরীক্ষিত’ অস্ত্র প্রযুক্তির প্রচার আরও বাড়বে, যা ফিলিস্তিন ও লেবাননের বেসামরিক জনগণের ওপর ব্যবহারের ইতিহাস রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

কমিটির অনেক সদস্য রো খান্নার উদ্বেগের সঙ্গে একমত পোষণ করলেও, সামগ্রিক কৌশলগত স্বার্থের যুক্তিতে প্রস্তাবটির পক্ষে অবস্থান নিয়েছেন। ডেমোক্র্যাটিক দলের শীর্ষস্থানীয় নেতা অ্যাডাম স্মিথ স্বীকার করেছেন যে, নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে তার নিজেরও গভীর অসন্তোষ রয়েছে। তবে তিনি দাবি করেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে থাকা ইসরায়েলের কাছ থেকে সংগৃহীত প্রযুক্তি মার্কিন সামরিক সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের নির্বাহী পরিচালক মার্গারেট ডি-রিউস একে অকল্পনীয় বলে অভিহিত করেছেন। এদিকে, প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটাভুটির সময় রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ধারাটি বাতিলের জন্য পুনরায় সংশোধনী প্রস্তাব করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%