উপসাগরে উত্তেজনা কুয়েত হামলায় দুই ইতালীয় নিহত, দায় অস্বীকার ইরানের

একই দিন সৌদি শোধনাগারে হামলায় এক নেপালি শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে ড্রোন হামলায় দুই ইতালীয় কারিগরি কর্মী নিহত হয়েছেন। তাঁরা কুয়েতের একটি আকাশ প্রতিরক্ষা নজরদারি কেন্দ্রে কাজ করছিলেন। হামলায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত দুজন জার্মান প্রতিরক্ষা গোষ্ঠী রাইনমেটালের ইতালীয় শাখা রাইনমেটাল ইতালিয়ার কর্মী ছিলেন। তাঁরা স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার অ্যান্টেনার রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি রোমে সিনেটে দাঁড়িয়ে মৃত্যুর খবর জানান।
তাজানি বলেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে কয়েকটি ড্রোন কুয়েতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। জোরালো বিস্ফোরণের পর দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর আসে। আহতদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক ও কুয়েতি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন রয়েছেন।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দুই ইতালীয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রথমে মন্ত্রণালয় জানিয়েছিল, একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন। পরে জানানো হয়, আহত ইতালীয় দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মন্ত্রণালয় হামলাটিকে ইরানের আক্রমণ বলে অভিহিত করেছে।
ইরান অবশ্য দায় অস্বীকার করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফজল শেকারচি বলেছেন, ইরানি বাহিনী ওই অঞ্চলে কোনো আক্রমণাত্মক বা সামরিক অভিযান চালায়নি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘটনাটিকে সন্দেহজনক আখ্যা দিয়ে বলেছেন, এটি দেখে মনে হচ্ছে যুদ্ধ বাধানোর জন্য আগে থেকে সাজানো কোনো ছক। তিনি কুয়েত ও ইতালির সঙ্গে যৌথ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
একই দিন উপসাগর অঞ্চলে আরও একটি হামলার খবর এসেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজানে একটি শোধনাগারে হামলায় এক নেপালি শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন উপসাগরে উত্তেজনা তুঙ্গে। এর এক সপ্তাহের কিছু বেশি আগে কুয়েত জানিয়েছিল, মার্কিন বাহিনীর ঘাঁটি আলি আল সালেম লক্ষ্য করে ইরানি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরু হওয়ার পর আলি আল সালেম ঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা হয়েছে।
নিহতদের নিয়োগকারী প্রতিষ্ঠান রাইনমেটাল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হামলায় ব্যবহৃত ড্রোন ইরানি তৈরি বলে ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানালেও, হামলার পেছনে আসলে কারা ছিল, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

০%
০%
০%
০%