ওয়াশিংটনে গুলিবর্ষণ: ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছেন। বন্দুকধারীর গুলিবর্ষণ এবং নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টার পরপরই তাকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মন্ত্রিসভার সদস্যবৃন্দ অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
শনিবার রাতে বার্ষিক এই ডিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ও অন্যান্য মার্কিন নেতাদের সাথে হোয়াইট হাউস কাভার করা সাংবাদিকরা সংবাদের স্বাধীনতা উদযাপন এবং সাংবাদিকতা বৃত্তি তহবিলের জন্য একত্রিত হন। বন্দুক হামলার চেষ্টার ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হোয়াইট হাউস জানিয়েছে, হামলাকারী ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে আটক করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই সন্দেহভাজন ব্যক্তি ভারী অস্ত্রে সজ্জিত ছিল এবং একাই কাজ করছিল বলে মনে করা হচ্ছে। ঘটনার পর ট্রাম্প নিজেকে ‘সুস্থ’ উল্লেখ করেন এবং সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।
হামলার সময় এক সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হলেও, বুলেটপ্রুফ ভেস্টের কারণে তিনি অক্ষত থাকেন। এফবিআই কর্মকর্তারা রয়টার্সকে জানান, বন্দুকধারী শটগান নিয়ে ওই এজেন্টের দিকে গুলি চালিয়েছিল। ট্রাম্প দ্রুত এজেন্টের সাথে কথা বলেন এবং তার মনোবল উঁচু থাকার কথা উল্লেখ করে বীরত্বের প্রশংসা করেন।
আল জাজিরার ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিথিরা খাওয়া-দাওয়া ও আলাপচারিতায় মগ্ন থাকাবস্থায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত পাঁচটি গুলির শব্দ ভেসে আসে, যা হোটেলের বলরুমে প্রতিধ্বনিত হয়। প্রাথমিকভাবে প্রেসিডেন্ট নিজেও ভেবেছিলেন কোনো ট্রে পড়ে গেছে, তবে দ্রুতই তিনি পরিস্থিতি অনুধাবন করেন।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারটি আগামী ৩০ দিনের মধ্যে নতুন করে আয়োজন করা হবে। ট্রাম্প এই ঘটনার পর দৃঢ়ভাবে বলেছেন যে, তারা এমন ঘটনাকে তাদের সমাজকে প্রভাবিত করতে দেবেন না এবং অনুষ্ঠান বাতিল করবেন না।
এই ঘটনার প্রেক্ষাপটে ওয়াশিংটন হিলটন হোটেলের ঐতিহাসিক গুরুত্ব উঠে আসে, যা ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর হত্যাচেষ্টার জন্য ‘রিগান হোটেল’ নামেও পরিচিত। সেই ঘটনাটিই সম্ভবত হোটেলটিকে বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের চেয়েও বেশি পরিচিতি এনে দিয়েছে।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাংবাদিকদের জানান, তদন্ত চলছে এবং শিগগিরই অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হবে। এতে গুলিবর্ষণ ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ অন্তর্ভুক্ত থাকবে।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এর আগেও বহুবার হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। সর্বশেষ গত জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলারের এক সমাবেশে তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের ওপর এক বন্দুকধারী হামলা চালায়, যেখানে একজন পথচারী নিহত হন এবং ট্রাম্পের কানে আঘাত লাগে। ওই ঘটনায় ২০ বছর বয়সী টমাস ক্রুকস নামে সন্দেহভাজনকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়।
এর কয়েক মাস পর, গত সেপ্টেম্বরে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের ট্রাম্পের গলফ কোর্সের কাছে রায়ান রুথ নামে এক সশস্ত্র ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে লুকিয়ে ছিল। রুথকে পরবর্তীতে আটক করা হয় এবং প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার দায়ে গত ফেব্রুয়ারিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টে অস্টিন টাকার মার্টিন নামে ২১ বছর বয়সী এক ব্যক্তি শটগান নিয়ে প্রবেশ করলে তাকে গুলি করে হত্যা করা হয়, যদিও তখন প্রেসিডেন্ট সেখানে উপস্থিত ছিলেন না।
তথ্যসূত্র: আল জাজিরা