কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রধান চালিকাশক্তি হিসেবে ব্যবহৃত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ নিজেই তৈরি করার পরিকল্পনা করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। আসন্ন সম্ভাব্য ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারের আইপিওর আগে কোম্পানিটি বড় অঙ্কের ব্যয় পরিকল্পনার কথা জানিয়েছে।
রয়টার্সের পর্যালোচিত স্পেসএক্সের এস-১ নিবন্ধন নথির অংশবিশেষে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি এআইসহ বিভিন্ন প্রযুক্তি উন্নয়নে “উল্লেখযোগ্য মূলধনী ব্যয়” করছে। এর মধ্যে নিজস্ব জিপিইউ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। সাধারণত কোনো প্রতিষ্ঠান পাবলিক শেয়ার বিক্রির আগে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এ ধরনের নথি জমা দেয়, যেখানে আর্থিক অবস্থা ও ঝুঁকির তথ্য প্রকাশ করা হয়।
স্পেসএক্স তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এ পরিকল্পনায় কত অর্থ ব্যয় হবে, তা এখনো জানা যায়নি।
এই উদ্যোগের পেছনে রয়েছে স্পেসএক্স, মাস্কের এআই ইউনিট এক্সএআই এবং টেসলাকে নিয়ে পরিকল্পিত “টেরাফ্যাব” নামের একটি উন্নত এআই চিপ উৎপাদন কেন্দ্র। মাস্কের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে এই কারখানা গড়ে তোলা হবে।
মাস্ক আগেই জানিয়েছিলেন, এই প্রকল্পে গাড়ি, মানবাকৃতির রোবট এবং মহাকাশভিত্তিক তথ্যকেন্দ্রের জন্য চিপ তৈরি করা হবে। তবে সেখানে ঠিক কোন ধরনের এআই চিপ তৈরি হবে, বিশেষ করে জিপিইউ থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এআই চিপ তৈরির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা কৌশল রয়েছে। উদাহরণ হিসেবে এনভিডিয়া মূলত জিপিইউ তৈরি করে, যা নানা ধরনের ডেটা প্রক্রিয়াকরণে কার্যকর। অন্যদিকে গুগল টেনসর প্রসেসিং ইউনিট বা টিপিইউ তৈরি করে, যা নির্দিষ্ট কাজের জন্য বিশেষভাবে তৈরি এবং এআই মডেল ও চ্যাটবট পরিচালনায় ব্যবহৃত হয়।
টেরাফ্যাবের উৎপাদন প্রযুক্তি কে পরিচালনা করবে, তা-ও নিশ্চিত নয়। মাস্ক বুধবার টেসলা বিশ্লেষকদের বলেন, টেরাফ্যাব যখন পূর্ণমাত্রায় উৎপাদনে যাবে, তখন ইন্টেলের পরবর্তী প্রজন্মের ১৪এ উৎপাদন প্রক্রিয়া সম্ভবত যথেষ্ট পরিণত হয়ে যাবে এবং সেটিই উপযুক্ত হবে।
তবে স্পেসএক্সের নথিতে “জিপিইউ” শব্দটি কি শুধু এআই প্রসেসরের সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে, নাকি সত্যিই গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বোঝানো হয়েছে, তা নিয়েও অনিশ্চয়তা আছে।
এর মধ্যেই স্পেসএক্স জানায়, চিপ সরবরাহ নিয়ে তারা উদ্বিগ্ন। কোম্পানিটি বলেছে, তাদের অনেক সরাসরি চিপ সরবরাহকারীর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নেই। তাই তারা এখনো বড় অংশের কম্পিউটিং হার্ডওয়্যার তৃতীয় পক্ষের কাছ থেকেই সংগ্রহ করবে। একই সঙ্গে টেরাফ্যাব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সফল হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।
জিপিইউ উৎপাদন সহজ কাজ নয়। বর্তমানে চিপশিল্পের বড় প্রতিষ্ঠান এনভিডিয়া নকশা তৈরি করলেও উৎপাদন আউটসোর্স করে তাইওয়ানের টিএসএমসির কাছে। আধুনিক চিপ তৈরিতে বিশেষ উপকরণ, অতি সূক্ষ্ম কারিগরি দক্ষতা এবং হাজারের বেশি ধাপের জটিল প্রক্রিয়া প্রয়োজন হয়। অ্যাপলের আইফোন চিপ বহু বছর ধরে বিপুল পরিমাণে তৈরি করতে করতে টিএসএমসি এ ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে।
বর্তমানে চিপ শিল্পে ডিজাইন, উৎপাদন, প্যাকেজিং এবং পরীক্ষা আলাদা আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। তবে মাস্ক বলেছেন, টেরাফ্যাবে এসব ধাপ একসঙ্গেই পরিচালনা করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে চিপ ডিজাইনও অন্তর্ভুক্ত থাকবে।