ফেইনুর্ড সমর্থকদের আতশবাজির তাণ্ডব কাম্বুর স্টেডিয়ামে আহত ৫ দর্শক

নেদারল্যান্ডসের লিউয়ারডেনে অনুষ্ঠিত লিগ ম্যাচে সফরকারী ফেইনুর্ড সমর্থকদের ছোড়া আতশবাজিতে মাঠের পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এই ন্যাক্কারজনক ঘটনায় স্বাগতিক এসসি কামবুর ক্লাবের সমর্থকরা গুরুতরভাবে দগ্ধ হওয়া ছাড়াও শ্রবণ ও চোখের সমস্যায় আক্রান্ত হয়েছেন। রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে সফরকারী সমর্থকদের ছোড়া লাল ফ্লেয়ার এবং আতশবাজির কারণে প্রথমার্ধে প্রায় ২০ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। আতশবাজির কয়েকটি কামবুর সমর্থকদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল এবং একটি বিস্ফোরিত হয় মাঠের ভেতরে ফেইনুর্ডের গোলরক্ষক জার্ক আর্নস্টের মাত্র কয়েক মিটার দূরত্বে।
ফেইনুর্ডের জেনারেল ম্যানেজার রবার্ট এনহর্ন ঘটনার ভয়াবহতা তুলে ধরে জানিয়েছেন, গোলরক্ষক জার্ক আর্নস্ট অল্পের জন্য প্রাণঘাতী আঘাত থেকে বেঁচে গেছেন। তিনি এ ঘটনাকে অত্যন্ত জঘন্য বলে অভিহিত করেছেন। এসসি কামবুর ক্লাব এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, কমপক্ষে ৫ জন সমর্থক এই ঘটনায় আহত হয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ অপরাধীদের শনাক্ত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। বিবৃতিতে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, স্টেডিয়ামের ভেতরে আতশবাজি জ্বালানো বা ছোড়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ফুটবলের মাঠে এর কোনো স্থান নেই।
লিওর্ডেনের মেয়র ফোর্ট ফান ওস্টেন এই বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নেওয়া বিদ্যমান প্রটোকল পুনরায় পর্যালোচনা করা হবে। ম্যাচটি শেষ পর্যন্ত পুনরায় শুরু হলেও কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি কোনো খেলোয়াড় বা ম্যাচ অফিসিয়াল সরাসরি আঘাতপ্রাপ্ত হতেন, তবে খেলাটি সঙ্গে সঙ্গে পরিত্যক্ত ঘোষণা করা হতো। কেএনভিবি-র পেশাদার ফুটবল প্রতিযোগিতা বিষয়ক ব্যবস্থাপক ইয়ান ব্লুইসেন জানিয়েছেন, বর্তমান প্রটোকল যথাযথ কি না, তা নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।
মাঠের বাইরে বিশৃঙ্খলা চললেও খেলার ফলাফল ছিল একতরফা। ফেইনুর্ড ৫-২ ব্যবধানে জয় তুলে নিয়ে তাদের লিগ মৌসুমের অপরাজেয় ধারা অব্যাহত রেখেছে। অন্যদিকে, নতুনভাবে উন্নীত হওয়া এসসি কামবুর তাদের প্রথম তিনটি ম্যাচের সবকটিতেই পরাজয়ের স্বাদ পেয়েছে।
