রাউজানে চার প্রতিষ্ঠানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও দুই মাদকসেবীর কারাদণ্ড

চট্টগ্রামের রাউজান উপজেলার জলিলনগর থেকে মুন্সিরঘাটা বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রির দায়ে তিনটি হোটেল এবং একটি বেকারিকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রশাসনিক সিদ্ধান্তে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে জলিলনগরের আজমীর হোটেলকে ১ লাখ টাকা, আপনবাড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা, গাউছিয়া হোটেলকে ৪০ হাজার টাকা এবং আল আকসা বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
একই অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের মাধ্যমে জনশান্তি ভঙ্গের অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা এবং পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগের ফলে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
