নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ঘটনায় বাংলাদেশের শোক ও সহায়তার আশ্বাস

নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৫ জনের প্রাণহানি ঘটেছে এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা ৪০৩ জনে পৌঁছেছে, যার মধ্যে ৩৪১ জনই বিদেশি পর্যটক। নিখোঁজদের তালিকায় ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্যে নিশ্চিত করা হয়েছে।
এই করুণ পরিস্থিতিতে নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দুর্যোগের এই কঠিন সময়ে নেপালের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকার ও জনগণ এ ঘটনায় গভীর মর্মাহত ও শোকসন্তপ্ত।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের আশু সুস্থতা কামনা করেছে ঢাকা। একই সঙ্গে, নেপালের চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
