বিআরটিসির পিংক বাসে নারী চালক নিয়োগের উদ্যোগ

নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু করা বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসের সক্ষমতা বাড়াতে এবার নারী চালক নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধীনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, যার মাধ্যমে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ আরও সুসংহত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। এছাড়া প্রার্থীর শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট হওয়া বাধ্যতামূলক। ভারী ড্রাইভিং লাইসেন্সধারী অথবা বর্তমান লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তরের শর্ত পূরণ করেছেন এমন নারীরা আবেদনের জন্য বিবেচিত হবেন।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সশরীরে উপস্থিত হতে হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূলকপি সাথে আনতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা প্রদান করা হবে না বলে কর্পোরেশন জানিয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিতরা ৭ দিন থেকে ২ মাস মেয়াদে ভারী গাড়ি চালানোর ওপর বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এই প্রশিক্ষণকালীন সময় তাদের থাকা ও খাওয়ার যাবতীয় ব্যয় বহন করবে বিআরটিসি। প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের কর্পোরেশনের প্রচলিত বিধি অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা প্রদান করা হবে না। ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রে এই প্রশিক্ষিত নারীরা যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।
প্রয়োজনীয় তথ্যের জন্য বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ম্যানেজার ট্রেনিংয়ের সাথে ০১৬১৯-৪৫৭২৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
