রামুতে ট্রাকে লুকিয়ে পাচারের সময় ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের চেসিস থেকে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) উপ-অধিনায়কের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চেসিসের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ এই মাদকের চালানটি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ও মাদকের বিস্তার রোধে বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।
