মাঠেই দুইবার জ্ঞান হারালেন বায়ার্নের মুসিয়ালা, সুস্থতা নিয়ে আশাবাদী তরুণ তুর্কি

মাঠের ভেতর আবারও অসুস্থ হয়ে পড়েছেন বায়ার্ন মিউনিখ এবং জার্মানির তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা। হাইডেনহাইমের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামার কিছুক্ষণ পরেই হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার। এর মাত্র তিন দিন আগেই লাইপজিগের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি।
মঙ্গলবার দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার অল্প সময় পরেই মুসিয়ালা পড়ে গেলে দুই দলের খেলোয়াড়রাই দ্রুত তার চারপাশে বৃত্ত তৈরি করেন। দ্রুতই চিকিৎসকরা তাকে প্রাথমিক সেবা প্রদান করেন এবং পরে তাকে মাঠ থেকে উঠে যেতে সহায়তা করা হয়। আগের ম্যাচে লাইপজিগের বিপক্ষেও এমন ঘটনার পর তাকে কিছুটা বিচলিত দেখা গিয়েছিল বলে সংবাদ সংস্থা ডিপিএ-এর প্রতিবেদনে জানানো হয়।
এমন অস্বস্তিকর পরিস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুসিয়ালা নিজেই তার শারীরিক অবস্থার কথা খোলাসা করেছেন। তিনি জানান, এক স্নায়বিক সমস্যার কারণে তিনি সাময়িক ‘অ্যাবসেন্স সিজার’-এ ভুগছেন, যা সহজেই চিকিৎসাধীন। তিনি জানান, সাম্প্রতিক সময়ের এই ঘটনাগুলো মূলত এই স্নায়বিক সমস্যার কারণেই ঘটছে। তবে চিকিৎসকদের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি নিজের অবস্থা নিয়ে অত্যন্ত আশাবাদী।
বায়ার্ন মিউনিখ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে ঘটনাটিকে কেবল একটি সাধারণ চোট হিসেবে উল্লেখ করে জানিয়েছিল যে, মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই মুসিয়ালাকে তুলে নিতে হয়েছে। তবে মুসিয়ালা স্পষ্ট করেছেন যে, তার শরীরে অতিরিক্ত কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এবং নিয়মিত তত্ত্বাবধানে থেকেই ফুটবলের সঙ্গে নিজের সম্পৃক্ততা বজায় রাখতে চান। তার বিশ্বাস, স্বাভাবিক জীবনযাপন এবং প্রিয় খেলা চালিয়ে যাওয়াই তাকে দ্রুত সুস্থ হতে সবচেয়ে বেশি সাহায্য করবে।
উল্লেখ্য যে, আগামী শনিবার জার্মান সুপার কাপের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মৌসুমের এই ঐতিহ্যবাহী উদ্বোধনী ম্যাচে মুসিয়ালকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা। তবে এই তরুণের মনোবল এবং সেরে ওঠার অদম্য ইচ্ছা এখন ফুটবলাঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
