শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে ফিরলেন হাথান তিলকরত্নে

শ্রীলঙ্কা ক্রিকেটের সিনিয়র পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার হাশান তিলকারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেটের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন তিনি। অবিলম্বে কার্যকর হওয়া এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
৫৯ বছর বয়সী তিলকারত্নের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এর আগে তিনি জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ এবং নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় নারী দলের প্রধান কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তার এই দীর্ঘ অভিজ্ঞতা জাতীয় দলের ব্যাটারদের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
খেলোয়াড়ি জীবনে শ্রীলঙ্কার জার্সিতে তিলকারত্নে ছিলেন উজ্জ্বল এক নক্ষত্র। ৮৩টি টেস্ট ও ২০০টি ওয়ানডে ম্যাচে তার সংগ্রহ ৮২০০ রানেরও বেশি। এছাড়া ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এখন নতুন দায়িত্বে তার কাছ থেকে সেরাটাই প্রত্যাশা করছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
