Advertisement

বাংলাদেশ বধের মিশনে স্পিনার লায়নকে রেখেই অজিদের চূড়ান্ত একাদশ ঘোষণা রেনশর প্রত্যাবর্তন

ডারউইনে প্রথম টেস্টে অপ্রত্যাশিত হারের ক্ষত নিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে থাকা অস্ট্রেলিয়া তাদের একাদশে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটেনি। দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত দলে একমাত্র পরিবর্তন হিসেবে ওপেনার জেক ওয়েদারল্ডের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ম্যাট রেনশ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্পিনার নাথান লায়নকে একাদশে রেখে চার পেসারের কৌশলের দিকে না ঝুঁকে ভারসাম্য ধরে রেখেছে স্বাগতিকরা। আগামী শনিবার ম্যাকাতে শুরু হতে যাওয়া ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে অজিরা।

ম্যাচ শুরুর আগমুহূর্ত পর্যন্ত অধিনায়ক প্যাট কামিন্স একাদশ চূড়ান্ত করার জন্য কন্ডিশন পর্যালোচনার কথা জানিয়েছিলেন। স্কট বোল্যান্ড না নাথান লায়ন—এই ধোঁয়াশা নিয়ে তুমুল আলোচনার জন্ম হয়েছিল। শেষ পর্যন্ত গত ১৩ মাসে কন্ডিশনের কারণে দুবার দল থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা পাওয়া লায়ন নিজের জায়গা ধরে রেখেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্ট এবং অ্যাশেজের সময় ব্রিসবেন টেস্টে অতিরিক্ত পেসার খেলাতে গিয়ে লায়নকে দলের বাইরে রাখা হয়েছিল, যার প্রতিক্রিয়ায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন।

বিজ্ঞাপন

ম্যাকার গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা এই প্রথম কোনো টেস্ট ম্যাচ আয়োজনের সাক্ষী হতে যাচ্ছে। ভেন্যুটির উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে বৈচিত্র্যের অভাব নেই। ক্যামেরন গ্রিন এবং বো ওয়েবস্টার টপ সেভেনে থাকায় অস্ট্রেলিয়া চাইলেই অতিরিক্ত পেসার ব্যবহার করার বিলাসিতা দেখাতে পারত। ২০২৪ সালে ভারত ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার দিনের ম্যাচে পেসারদের দাপট ছিল চোখে পড়ার মতো। সে ম্যাচে পড়ে যাওয়া প্রথম ২১টি উইকেটের সবকটিই নিয়েছিলেন পেসাররা। তবে কামিন্স সেই পুরোনো তথ্যের চেয়ে বর্তমান কন্ডিশনের ওপরই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রায় তিন বছর পর সাদা পোশাকে ফিরতে যাওয়া ম্যাট রেনশর ওপর বড় প্রত্যাশা অস্ট্রেলিয়ার। গত শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে ৪৯.৯ গড়ে রান করা রেনশ দলের টপ-অর্ডারের দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করবেন বলেই টিম ম্যানেজমেন্টের বিশ্বাস। এছাড়া মারনাস লাবুশেন সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগলেও দলের প্রয়োজনে তার ওপরই আস্থা রেখেছে অজি ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া সিরিজের সমতা ফেরাতে মরিয়া হয়ে মাঠে নামবে।

0%
0%
0%
0%