Advertisement

দুর্নীতি বিরোধী আইন ভঙ্গে টিএনপিএল থেকে নিষিদ্ধ সালেম ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার, জরিমানা ১ লক্ষ রুপি

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) চলমান আসরে দুর্নীতির অভিযোগে বড়সড় ধাক্কা খেল সালেম ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির এক ক্রিকেটার, যিনি গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই খেলোয়াড় নিষিদ্ধ এলাকায় অর্থাৎ পিএমওএ অঞ্চলে মোবাইল ফোন ব্যবহার করে নিয়ম লঙ্ঘন করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বাঁ-হাতি ব্যাটার ও ডান-হাতি মিডিয়াম পেসার এই ক্রিকেটারের বয়স ২০-এর কোঠায়। তিনি এখন পর্যন্ত তামিলনাড়ুর হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচ ও একটি লিস্ট এ ম্যাচ খেলেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টিএনসিএ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আপাতত লিগের অবশিষ্ট ম্যাচগুলো থেকে এই খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে তাকে ১ লাখ রুপি জরিমানাও গুনতে হচ্ছে।

বিজ্ঞাপন

বর্তমানে টিএনপিএল-এর দশম আসরের খেলা চলছে, যা গত ৪ আগস্ট শুরু হয়েছে এবং এর ফাইনাল ম্যাচটি ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা সালেম ফ্র্যাঞ্চাইজির জন্য এই ঘটনা বেশ অস্বস্তিকর। ঘটনার বিষয়ে জানতে টিএনসিএ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। এমনকি টিএনসিএ সচিব ভগবান দাসের কাছে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো মন্তব্য করেননি। খেলোয়াড়টির বিরুদ্ধে অন্য কোনো গুরুতর অভিযোগ আছে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি। তবে চলমান তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই তার ভবিষ্যৎ চূড়ান্ত করা হবে।

0%
0%
0%
0%