যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার দিল্লির ক্রিকেটার অভিষেক পোড়েল তিন দিনের পুলিশি হেফাজতে

যৌন নিপীড়ন ও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলার এবং দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোড়েল। হুগলি পুলিশের হাতে আটক হওয়ার পর তাকে ধর্ষণ, যৌন নির্যাতন ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সোমবার রাতে গ্রেপ্তার হওয়ার পর মঙ্গলবার ১১ আগস্ট তাকে আদালতে হাজির করা হয় এবং আদালত তার তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, এক মেডিকেল শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে আইনি এই জটিলতায় পড়েছেন এই ক্রিকেটার। ভুক্তভোগী তরুণীর দাবি, তিন বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অভিষেক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। গত ২৩ জুন মগরা থানায় এই বিষয়ে প্রথম অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযোগকারীর ছবি যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য অভিযুক্তের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো বিষয়টি প্রকাশ্যে আসে যখন ভুক্তভোগী তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। গত ২০ জুলাই হাইকোর্ট তার গ্রেপ্তারের নির্দেশ প্রদান করে। ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্য প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিষেক পোড়েল ঘরোয়া ক্রিকেটে ৩২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৩৫টি ম্যাচ খেলেছেন। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও বর্তমানে মাঠের বাইরের এই বিতর্কিত ঘটনাটিই ক্রীড়াঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুঁয়ার ভূষণ সিংয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
