শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে সাই সুদর্শনের বদলি হিসেবে সরফরাজ খান

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সাই সুদর্শনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সরফরাজ খান। গলে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই ব্যাটার। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।
ভারতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সরফরাজের। সবশেষ ২০২৪ সালের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে সাদা পোশাকে দেখা গিয়েছিল। সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবেই জাতীয় দলে তার এই অন্তর্ভুক্তি। ২০২৫-২৬ রঞ্জি ট্রফি মৌসুমে তিনি ৯ ইনিংসে ৫৩.৬২ গড়ে মোট ৪২৯ রান সংগ্রহ করেছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডান পায়ের আঙুলের চোটে আক্রান্ত সাই সুদর্শন বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও জানিয়েছে বোর্ড।
