ভারত সিরিজের বাকি অংশের জন্য ইংল্যান্ড দলে ফিরলেন ব্রাইডন কার্স

ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে পুনরায় দলে ফিরেছেন ডানহাতি পেসার ব্রাইডন কার্স। দীর্ঘ সময় কবজি ও কনুইয়ের চোটে মাঠের বাইরে থাকার পর ডারহামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের তিনটি ম্যাচে অংশ নিয়ে নিজের ফিটনেস প্রমাণ করেছেন ত্রিশ বছর বয়সী এই বোলার। এর আগে অনুশীলনের সময় ডান হাতে আঘাত পাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি কার্সের। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে মাঠে নেমেছিলেন তিনি। এছাড়া সিডনিতে নতুন বছরের অ্যাশেজ টেস্টেই তাকে সর্বশেষ সাদা পোশাকে দেখা গিয়েছিল। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৪০.৪৪ গড়ে ৩৪টি উইকেট শিকার করেছেন এই ফাস্ট বোলার। দলের পেস আক্রমণকে আরও ধারালো করতেই তাকে দলে ফেরানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিরিজের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কার্ডিফ এবং লর্ডসে। ১৬ জুলাই কার্ডিফে সিরিজের তৃতীয় ওয়ানডে এবং ১৯ জুলাই লর্ডসে শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজ জয়ের লক্ষ্যে হ্যারি ব্রুকের নেতৃত্বে শক্তিশালী দল গঠন করেছে স্বাগতিকরা।

ইংল্যান্ড স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যানটন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জেমস কোলস, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জো রুট এবং জশ টাং।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%