চোটের শঙ্কা নিয়েও বার্মিংহাম ফিনিক্সে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমান

ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড ঘিরে অনিশ্চয়তা থাকলেও, পূর্বপরিকল্পনা অনুযায়ী বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ডান পায়ের হাঁটুতে মেনিস্কাস ডিজেনারেশন এবং হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে পড়া এই বাঁহাতি পেসারকে নিয়ে এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে তার নতুন দল।

বিজ্ঞাপন

বার্মিংহাম ফিনিক্সের পারফরম্যান্স ডিরেক্টর জেমস টমাস শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, মোস্তাফিজের শারীরিক অবস্থার চুলচেরা বিশ্লেষণের পরই তার টুর্নামেন্টে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী সপ্তাহেই তিনি বার্মিংহামে উড়ে যাবেন এবং সেখানকার মেডিকেল দলের তত্ত্বাবধানে থাকবেন।

জেমস টমাস আরও বলেন, মোস্তাফিজকে এই মৌসুমে ফিনিক্সের জার্সিতে দেখার ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী। তবে ইনজুরির ধরণ বিবেচনায় সব ধরণের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছেন। খেলোয়াড়টির দ্রুত আরোগ্য কামনা করে তিনি জানান, পুনর্বাসন প্রক্রিয়া এবং মাঠে ফেরার রোডম্যাপ তৈরিতে বিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবে বার্মিংহাম ফিনিক্স।

আগামী ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের পুরো মৌসুমের জন্য মোস্তাফিজকে অনাপত্তি পত্র দিয়েছিল বিসিবি। ড্রাফট থেকে ১ লাখ ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছিল বার্মিংহাম ফিনিক্স। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের এই জনপ্রিয় টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%