ভারতবধের ২৪ ঘণ্টা না পেরোতেই আয়ারল্যান্ডের কোচের পদ থেকে হেইনরিখ মালানের পদত্যাগ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঐতিহাসিক ২-০ ব্যবধানে জয় পাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাইনরিখ মালান। দক্ষিণ আফ্রিকান এই কোচ তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, যদিও তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের শুরু পর্যন্ত ছিল। ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের কথা মাথায় রেখেই নতুন কাউকে দায়িত্ব দেওয়ার জন্য এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন ৪৫ বছর বয়সী এই কোচ।

বিজ্ঞাপন

২০২২ সালের জানুয়ারি মাসে আয়ারল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন মালান। তার তত্ত্বাবধানে আয়ারল্যান্ড ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছেছে। টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল তারই পরিকল্পনায়। ২০২২ সালের মেলবোর্নে সেই স্মরণীয় বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর রোমাঞ্চকর স্মৃতিটি আইরিশ ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এছাড়া আয়ারল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাওয়া তিনটি জয়ের সবকটিতেই ডাগআউটে কোচ হিসেবে ছিলেন তিনি।

নিজের বিদায়বেলায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে মালান জানান, আইরিশ ক্রিকেটার, স্টাফ এবং পুরো ক্রিকেট কমিউনিটির সঙ্গে কাজ করা ছিল তার জন্য পরম সৌভাগ্যের বিষয়। আয়ারল্যান্ডে কাটানো সময়গুলো তার পরিবারের জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল বলে তিনি উল্লেখ করেন। মাঠের লড়াইয়ে নিজেদের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করে তিনি বলেন, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয়, বেলফাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয় এবং সবশেষ ভারতের বিপক্ষে সিরিজ জয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য। এছাড়াও পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোকে হারানোর অভিজ্ঞতা আয়ারল্যান্ডকে বিশ্বমঞ্চে এক সমীহ জাগানিয়া শক্তিতে পরিণত করেছে।

রবিবার ভারতের বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয়ের মাধ্যমে সিরিজ জিতে নেওয়ার পর মালানের এমন বিদায় আইরিশ ক্রিকেটে কিছুটা অপ্রত্যাশিত হলেও নতুন পরিকল্পনার পথে হাঁটা শুরু করল আয়ারল্যান্ড। আসছে আগস্ট মাসে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে দলটি।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%