শ্রীলঙ্কায় ভারত এ দলে ডাক পেলেন গতিদানব অশোক শর্মা, ছিটকে গেলেন যুদ্ধবীর সিং

শ্রীলঙ্কায় চলমান ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের স্কোয়াডে এসেছে বড় পরিবর্তন। কাঁধের ইনজুরির কারণে ছিটকে পড়া যুদ্ধবীর সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন উদীয়মান পেসার অশোক শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ডান কাঁধের রোটেটর কাফ ইনজুরির কারণে যুদ্ধবীরকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। গত ১১ জুন ফিল্ডিং সেশনের সময় এবং পরবর্তীতে ১৩ জুন বোলিংয়ের সময় তিনি অস্বস্তি বোধ করছিলেন। বিসিসিআইয়ের মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সেরে ওঠার জন্য তাকে এখন বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

নতুন সুযোগ পাওয়া অশোক শর্মার সাম্প্রতিক ফর্ম ছিল দুর্দান্ত। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পর আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। টুর্নামেন্টের ছয়টি ম্যাচে বল করে রীতিমতো গতির ঝড় তুলেছিলেন এই বোলার, যেখানে তার একটি ডেলিভারির গতি রেকর্ড করা হয়েছিল ১৫৪ দশমিক ২ কিলোমিটার প্রতি ঘণ্টা। তার অন্তর্ভুক্তি ভারত ‘এ’ দলের বোলিং আক্রমণে বাড়তি ধার যোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তিলক ভার্মার নেতৃত্বে ভারত ‘এ’ দল এখন পর্যন্ত টুর্নামেন্টে মোট তিনটি ম্যাচ খেলেছে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে টুর্নামেন্ট শুরু করলেও, আফগানিস্তান ‘এ’ দলের কাছে হারতে হয়েছে দলটিকে। সর্বশেষ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ওভারে হেরে কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে সফরকারীরা। অশোক শর্মার যোগদানের পর দলের বোলিং লাইনআপে ভারসাম্য ফিরে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%