রাইজিং স্টারস কাপ শাহাদাতের সেঞ্চুরি বৃথা, পাঁচ উইকেটে বাংলাদেশ এ-কে হারিয়ে ফাইনালে পাকিস্তান এ

রোববার ফাইনালে শ্রীলঙ্কা এ-র মুখোমুখি হবে পাকিস্তান এ

শাহাদাত হোসেনের অপরাজিত সেঞ্চুরিও বাংলাদেশ এ-কে বাঁচাতে পারল না। রাইজিং স্টারস এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাঁচ উইকেটে জিতে ফাইনালে উঠেছে পাকিস্তান এ।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ এ ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান তোলে। জবাবে পাকিস্তান এ ৪৫ ওভার ২ বলে ৫ উইকেটে ২৩৩ রান করে জয় নিশ্চিত করে।

হাতে ছিল আরও ২৮ বল। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন হাসান নওয়াজ।

২৩৩ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান এ। চতুর্থ ওভারে রিপন মণ্ডলের জোড়া আঘাতে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেইন ফিরলে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২১ রান।

সেখান থেকে দলকে টেনে তোলেন হাসান নওয়াজ ও শাহজাইব খান। চতুর্থ উইকেটে ১১০ রানের জুটি গড়েন তাঁরা।

হাসান নওয়াজ ৯১ বলে ৬২ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার।

টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমে শাহজাইব খান ৮৫ বলে ৫০ রান করেন।

দুজন চার ওভারের ব্যবধানে ফিরলেও অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসুফের ৭৪ রানের জুটিতে জয় নিশ্চিত হয়ে যায়।

সামাদ ৩৩ বলে ৪৪ রান করে ফেরেন। অপরাজিত ৪৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফারহান ইউসুফ। রোহাইল নাজির অপরাজিত ছিলেন ২ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ এ। আলি রাজার দারুণ বোলিংয়ে প্রথম পাঁচ ওভারেই ১৫ রানে দুই ওপেনারকে হারায় দলটি।

অধিনায়ক সাইফ হাসান ২ রান করে ফেরেন। মাহমুদুল হাসান জয় করেন ৯ রান।

তৃতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ১৩৭ বলে ৯৫ রানের জুটি গড়ে ইনিংস গোছান শাহাদাত হোসেন। অঙ্কন ৭৮ বলে ৪২ রান করেন।

কিন্তু সুফিয়ান মুকিমের দুই ওভারে তিন উইকেটে ১১০ রান থেকে ১১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ এ।

এরপর এস এম মেহেরবের সঙ্গে ৬২ বলে ৫২ রান যোগ করেন শাহাদাত।

শেষ উইকেটে রিপন মণ্ডলের সঙ্গে ৪০ রান যোগ করে দলকে ২৩২ রানে পৌঁছে দেন তিনি। শেষ ওভারে ১৫ রান ওঠে।

মিডউইকেটের ওপর দিয়ে দারুণ এক ফ্লিকে শতক পূর্ণ করেন শাহাদাত। ১১৮ বলে সাত চার ও তিন ছক্কায় অপরাজিত ১০৩ রান করেন তিনি।

পাকিস্তান এ-র হয়ে সুফিয়ান মুকিম ২৯ রানে তিন উইকেট নেন। হাসান নওয়াজ ৩০ রানে দুটি ও আলি রাজা ৪০ রানে দুটি উইকেট পান।

বাংলাদেশ এ-র হয়ে রিপন মণ্ডল ৫২ রানে দুটি ও রাকিবুল হাসান ৫৮ রানে দুটি উইকেট নেন। মো. রুবেল পান একটি উইকেট।

এই জয়ে টানা চতুর্থ ম্যাচ জিতে ফাইনালে উঠল পাকিস্তান এ।

গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে, ভারত এ-কে ৪৮ রানে ও নেপালকে ৯৬ রানে হারিয়েছিল গত আসরের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে এই প্রথম দ্বিতীয় ইনিংসে ব্যাট করল তারা।

রোববার একই মাঠে ফাইনালে শ্রীলঙ্কা এ-র মুখোমুখি হবে পাকিস্তান এ। প্রথম সেমিফাইনালে ভারত এ-র দেওয়া ৩১৮ রানের লক্ষ্য তাড়া করে আট উইকেটে জিতে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা এ।


০%
০%
০%
০%