চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে পরিচালিত মধুমতি সমাজ উন্নয়ন সংস্থায় জমা রাখা ১০৫ কোটি টাকা ফেরত না পেয়ে পথে বসেছেন জেলার প্রায় ৪০ হাজার পরিবার। আমানতের টাকা ফেরত না পেয়ে গ্রাহকদের মধ্যে কেউ হারিয়েছেন স্বজন, কেউবা জড়িয়েছেন মামলার জালে।
গ্রাহকদের অভিযোগ, টাকা ফেরত দেওয়ার পরিবর্তে নানা কৌশলে সময়ক্ষেপণ ও ষড়যন্ত্র করছেন সংস্থাটির কর্মকর্তারা। অন্যদিকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা।
জানা গেছে, ২০১৩ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুরে কার্যক্রম শুরু করে অবৈধ এই সংস্থা। ঋণ ও সঞ্চয়ের প্রলোভন দেখিয়ে জেলার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের অভিযোগ, পাঁচ উপজেলায় ৪৬টি শাখার মাধ্যমে প্রায় ৪০ হাজার পরিবারের কাছ থেকে অন্তত ১০৫ কোটি টাকা সংগ্রহ করেছে সংস্থাটি। সারা জীবনের কষ্টার্জিত অর্থ জমা রেখে এখন নিঃস্ব এসব মানুষ।
২০২২ সালে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা। এরপর থেকেই আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েন গ্রাহকরা।
টাকা ফেরত না পেয়ে একের পর এক মামলা করতে থাকেন তারা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও পারিবারিক সংকটেও পড়েছেন অনেকে।
চাঁপাইনবাবগঞ্জের আদালতে সংস্থাটির বিরুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪০০টি মামলা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিনেও আমানতের টাকা ফেরত না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন গ্রাহকরা।
ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার গ্রামীণ অর্থনীতিও। জেলার এমন কোনো গ্রাম নেই, যেখানে মধুমতির প্রতারণার ছোঁয়া লাগেনি।
মামলার জালে শিক্ষিকা নাজমা
যেমন ঢাকার লালবাগ থানার ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা বেগম। ২০ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করলেও ২০২৩ সালে স্বামীর পরিবারের এনজিও-সংক্রান্ত প্রায় ২০০টি মামলায় আসামি হন তিনি।
একপর্যায়ে চাকরি থেকে হয়েছেন বরখাস্ত। তার স্বামীও রয়েছেন কারাগারে। সন্তানকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার। অথচ মামলার বাদীরাই তাকে চেনেন না।
তিনি বলেন, আমার পড়ালেখা ঢাকাতেই। কিন্তু বিয়ে হয়েছিল অবৈধ এনজিওটির মালিক মাসুদ রানার ভাইয়ের সঙ্গে। তবে এনজিওর কোনো ধরনের কার্যক্রমে আমি জড়িত নই। এমনকি এনজিওটি নিয়ে কোনোদিন কারো সঙ্গে আমার কথাও হয়নি।
তবুও মাসুদ রানার আরেক ভাই সানোয়ার হোসেন আমাকে ইচ্ছে করে মামলায় জড়িয়েছেন। এমনকি পরে মামলা থেকে নাম বাদ দেওয়ার নাম করেও নিয়েছেন কয়েক লাখ টাকা।
এদিকে আমার সংসার শেষ। আমি কারাগারে ছিলাম, সন্তানদের পড়ালেখা নষ্ট হয়ে গেছে। এখন চাকরিও নেই। মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাকে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
নাজমা বেগম আরও বলেন, এখন আমার স্বামী রয়েছেন কারাগারে। আর আমি হারিয়েছি চাকরি। আমিও দেড় বছরের মতো কারাগারে ছিলাম। আর সব স্থাপনা বিক্রি করে টাকা নিজ পকেটে পুরেছেন সানোয়ার হোসেন।
লালবাগ ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিনা খাতুন বলেন, নাজমা বেগম স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। নিয়মিত স্কুলে ও ক্লাসে আসতেন। এনজিওতে তিনি জড়িত ছিলেন কিনা আমার জানা নেই।
তবে যেহেতু স্কুলে প্রতিনিয়ত আসতেন, সেভাবে জড়িত থাকার কথা না। তবুও তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। এ কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
সাত শতাংশ ফেরতের বিনিময়ে ছয় শর্ত
আমানতের টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা গঠন করেন মধুমতি ভুক্তভোগী গ্রাহক ফোরাম। গ্রাহকদের অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে জামিন পান সংস্থাটির পরিচালকের ভাই সানোয়ার হোসেন।
পরে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে সংস্থার সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের দায়িত্ব নেন তিনি ও ফোরামের অর্থ সম্পাদক জুনাইদ সাররাজ। তবে গ্রাহকদের অভিযোগ, টাকা ফেরতের কথা থাকলেও বিভিন্ন স্থাপনা নামমাত্র দামে বিক্রি করে সেই অর্থও আত্মসাৎ করা হয়েছে।
অন্যদিকে, মামলা করা গ্রাহকদের আমানতের মাত্র ৭ শতাংশ ফেরত দিয়ে ছয়টি শর্তে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। এসব শর্তের মধ্যে ভবিষ্যতে আর মামলা না করার অঙ্গীকারও রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আবার এক লাখ টাকার কম আমানত থাকায় অনেকে মামলা করতে পারেননি। কেউ কেউ শর্তগুলো না বুঝেই টাকা নিয়েছেন। তবে শর্তে আপত্তি থাকায় টাকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন অনেক গ্রাহক।
ভুক্তভোগীদের অভিযোগ
মনাকষা ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমার বাড়ির পাশে একজন গরীব মানুষ দুই লাখ টাকা রেখেছিলেন। পরে টাকা না পেয়ে হতাশায় মৃত্যুবরণ করেছেন।
এমনকি আমারও কিছু টাকা আছে, মামলা করতে আদালতে গিয়েছিলাম। অল্প টাকা তাই আদালত মামলা নেয়নি। এজন্য টাকাও পাইনি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রৌফ বলেন, ভাইয়ের চাকরির জন্য মধুমতি সমাজ উন্নয়ন সংস্থায় ৬ লাখ টাকা আমানত রেখেছিলেন তিনি।
কিন্তু সংস্থাটির মালিক অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে কর্মকর্তারা দায়িত্ব নিলেও এখন পর্যন্ত সেই টাকা ফেরত পাননি। শুধু তার পরিবার নয়, তাদের গ্রামের অন্তত ৫০ লাখ টাকা এই এনজিওতে আমানত রয়েছে।
কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কেউ টাকা ফেরত পাচ্ছেন না।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ছয়টি শর্তে স্বাক্ষর নিয়ে আমানতের মাত্র ৭ শতাংশ টাকা ফেরত দিয়েছে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।
বাকি টাকা কবে দেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হচ্ছে না। এমনকি গ্রাহকদের সঙ্গে যোগাযোগও করছেন না তারা।
তরিকুলের অভিযোগ, ভবিষ্যতে যেন গ্রাহকরা আর মামলা করতে না পারেন, সে উদ্দেশ্যেই এসব শর্তে স্বাক্ষর নেওয়া হয়েছে।
শিবগঞ্জের স্থানীয় বাসিন্দা শামীম হোসেন বলেন, মধুমতি কর্তৃপক্ষের দেওয়া ছয়টি শর্তে স্বাক্ষর করলে ভবিষ্যতে আর কিছু করার সুযোগ থাকবে না বলে মনে হয়েছে তার। তাই আমানতের মাত্র ৭ শতাংশ টাকা নিতেও রাজি হননি তিনি।
শামীমের দাবি, সংস্থাটিতে তার অন্তত ৭ লাখ টাকা আমানত রয়েছে। এ পর্যন্ত মামলা পরিচালনা করতেই খরচ হয়েছে ৫০ হাজারের বেশি। এত অল্প টাকা নিয়ে বাকি অর্থের দাবি ছেড়ে দিতে চান না তিনি।
তার অভিযোগ, মামলায় আসামিরা জামিন পেলেও তিনি কিংবা তার আইনজীবী কেউই বিষয়টি জানতে পারেন না। এতে বিচারপ্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
সংবাদ প্রকাশে হুমকি ও টাকার প্রস্তাব
এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে প্রতিবেদককে ফোন করে হুমকি দেন সংস্থাটির রিকভারি হেড খাইরুল ইসলাম। তিনি বলেন, কোনোভাবেই সংবাদ প্রকাশ করা যাবে না। প্রয়োজনে তিনি এসে দেখা করবেন।
প্রতিবেদককে অর্থের বিনিময়ে সংবাদ প্রকাশ না করার প্রস্তাব দেন মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার এজিএম তমাল আলী। টাকা নিয়ে বিষয়টি বাদ দেওয়ারও প্রস্তাব দেন তিনি। এ প্রস্তাবের ভিডিও প্রতিবেদকের কাছে রয়েছে।
অন্যদিকে, সব সম্পত্তি ন্যায্য দামেই বিক্রি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী গ্রাহক ফোরামের অর্থ সম্পাদক জুনাইদ সাররাজ। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মাসুদ রানার ভাই সানোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
যা বললেন পুলিশ ও প্রশাসন
মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদি বলেন, মধুমতির প্রতারণায় জেলার গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
তারপরও আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এদিকে, মধুমতির মামলায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। মামলাগুলো আদালতে বিচারাধীন।
গ্রাহকদের টাকা বিতরণে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সংশ্লিষ্টদের হিসাবে, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের আদালতে অন্তত ৪০০টি মামলা হয়েছে। এসব মামলায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা এবং তার স্ত্রীসহ সাতজন কারাগারে রয়েছেন।
তবে সম্পত্তি বিক্রি করে আমানত ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো টাকা না পাওয়ায় হতাশ গ্রাহকরা। তাদের দাবি, দ্রুত সম্পত্তির হিসাব প্রকাশ করে আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক।