নকল হানিফ পরিবহনের বাসে করে অগ্নিসংযোগ, শ্রমিকলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিকলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে পেট্রোল, বস্তা কেটে বাঁশের সঙ্গে বানানো মশাল, ব্যানার ও ফেস্টুনসহ অগ্নিসংযোগে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। হানিফ পরিবহনের স্টিকার লাগানো নকল হানিফ পরিবহন লেখা একটি বাসও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, বাপ্পী হোসেন সাইদ ও সজীব। বাসটির মালিক রুবেল হাওলাদার। ওই বাসে করেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যেতেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিগত কয়েকদিন ধরে হানিফ পরিবহনের স্টিকার লাগিয়ে এবং রং করে নকল হানিফ পরিবহনের একটি বাসে করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মশাল মিছিল, বাসে অগ্নিসংযোগ এবং ব্যানার-ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করে পালিয়ে যান। জানতে পেরে আমরা বাসটির বিষয়ে খোঁজখবর নিচ্ছিলাম।

শুক্রবার রাত ৯টার দিকে খবর আসে, বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় রাস্তার ওপর চলন্ত অবস্থায় রেখে নাশকতাকারীরা একটি বাসে অগ্নিসংযোগ করতে গেছেন। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হলে তারা বাসে আগুন দিতে পারেননি। তখন তারা ব্যানার-ফেস্টুন ও মশালসহ বাস নিয়ে ঢাকার দিকে পালিয়ে যান।

ওসি আরও বলেন, বাসটিকে ধরার জন্য পুলিশ ধাওয়া করে এবং একাধিক টিম এ অভিযানে অংশ নেয়। বাসটি আটকের জন্য বলিয়াপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। এরই মধ্যে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল রাজফুলবাড়িয়া এলাকায় তাদের গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে বাসটি আটক করে। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যান।

০%
০%
০%
০%