আইপিএল ২০২৭ আসরকে সামনে রেখে কোচিং স্টাফে বড় ধরনের আমূল পরিবর্তন এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটির নতুন প্রধান কোচ কাইরন পোলার্ডের অধীনে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক ব্যাটার রবিন উত্থাপ্পা। একই সঙ্গে ফিল্ডিং কোচের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের সাবেক ফিল্ডিং কোচ টি দিলীপকে।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নেমেছিলেন রবিন উত্থাপ্পা। দীর্ঘ সময় পর পুরোনো ঠিকানায় এবার নতুন ভূমিকায় ফিরছেন তিনি। অন্যদিকে, ভারতীয় দলের সফল অধ্যায় শেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের কোচিংয়ের অভিজ্ঞতা যুক্ত করতে যাচ্ছেন টি দিলীপ।
কোচিং প্যানেলকে আরও শক্তিশালী করতে আরও দুই সাবেক খেলোয়াড়কে যুক্ত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। দলের বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করেছেন মিচেল ম্যাকক্লেনাগান এবং ডেভেলপমেন্ট বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ধাওয়াল কুলকার্নিকে।
এই ব্যাপক রদবদলের ফলে বিদায় নিয়েছেন পুরোনো কোচিং স্টাফের বেশ কজন সদস্য। আইপিএল ২০২৪ সাল থেকে বোলিং কোচের দায়িত্বে থাকা লাসিথ মালিঙ্গার সঙ্গে পথ আলাদা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়াও বাদ পড়েছেন পারস মামব্রেকে এবং ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা কার্ল হপকিনসন।