থাইল্যান্ডে টুর্নামেন্টের প্রস্তুতিকালে মস্তিষ্কে রক্তক্ষরণ, না ফেরার দেশে উদীয়মান গলফার জেসিকা ব্যাং

গলফ বিশ্বের উদীয়মান তারকা জেসিকা ব্যাংয়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। থাইল্যান্ডে একটি টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার সময় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতায় মাত্র ১৮ বছর বয়সে প্রাণ হারিয়েছেন এই অস্ট্রেলিয়ান গলফার। ব্যাংককের একটি হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১ আগস্ট থাইল্যান্ডের মাটিতে হঠাৎ জ্ঞান হারান এই তরুণী। তাকে দ্রুত ব্যাংককের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচার করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। কোরিয়ান ওমেন্স প্রফেশনাল ট্যুরের আন্তর্জাতিক বাছাইপর্বে খেলার জন্যই তিনি ব্যাংককে অবস্থান করছিলেন।
চলতি বছরেই নিজের পেশাদার ক্যারিয়ারে দারুণ চমক দেখিয়েছিলেন জেসিকা। পেশাদার গলফে নিজের পঞ্চম ম্যাচেই তিনি প্রথম শিরোপা জয়ের গৌরব অর্জন করেছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও গলফ সংশ্লিষ্টদের মাঝে শোকের মাতম চলছে। তার অসুস্থতার পর চিকিৎসার খরচে সহায়তা করতে পরিবারের পক্ষ থেকে একটি তহবিল গঠন করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার ডব্লিউপিজিএ ট্যুর এক বিবৃতিতে জেসিকাকে ‘অসাধারণ প্রতিভাবান’ হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে। ২০২৫ সালের শেষ দিকে চমকপ্রদ অ্যামেচার ক্যারিয়ার শেষে পেশাদার সার্কিটে পা রাখা এই গলফারের অকাল প্রয়াণকে ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। জেসিকার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পুরো অস্ট্রেলিয়ান গলফ কমিউনিটি।
