ফিফপ্রোর ঐতিহাসিক জয়, ইউরোপীয় ফুটবল ক্যালেন্ডারের ত্রুটি স্বীকার

ইউরোপীয় মানবাধিকার সংস্থা কর্তৃক ফরাসি রাষ্ট্রের বিরুদ্ধে পেশাদার ফুটবলারদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তদন্তের সিদ্ধান্তকে ‘মাইলফল্ক’ হিসেবে অভিহিত করেছে ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। এই সিদ্ধান্তটি ইউরোপীয় সামাজিক সনদের অধীনে ফুটবলারদের ইউনিয়ন কর্তৃক দায়ের করা যৌথ অভিযোগের প্রথম সফল পদক্ষেপ, যা পেশাদার ফুটবলারদের, বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের জন্য পর্যাপ্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে ফ্রান্স ব্যর্থ হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে।
ফিফপ্রোর মতে, বিতর্কের মূল কারণ হলো ফিফার একতরফাভাবে নির্ধারিত আন্তর্জাতিক ক্রীড়াসূচির চাপ ও সম্প্রসারণের ফলে সৃষ্ট স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি থেকে পেশাদার ফুটবলারদের রক্ষায় ফরাসি রাষ্ট্রের উদাসীনতা। বিশেষ করে, ফিফার নতুন ও সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপ আয়োজনের পদ্ধতিগত ত্রুটি সমালোচনার জন্ম দিয়েছিল।
ফরাসি সরকার এই মামলা খারিজের আবেদন জানিয়ে বলেছিল যে, ব্যক্তিগত ক্রীড়া সংস্থা যেমন ফিফা বা ফরাসি ফুটবল ফেডারেশন এই শ্রম আইন লঙ্ঘনের জন্য দায়ী, রাষ্ট্র নয়। তবে, কমিটি তাদের এই আপত্তি প্রত্যাখ্যান করে রায় দিয়েছে যে, জাতীয় সরকারগুলো তাদের এখতিয়ারের মধ্যে শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে আইনত দায়বদ্ধ, এমনকি যদি কোনো বেসরকারি সংস্থা শিল্পটি পরিচালনা করে।
ইউএনএফপি নামক ফরাসি পেশাদার ফুটবলারদের ইউনিয়নকে সমর্থনকারী ফিফপ্রো ইউরোপ এই রায়কে ফুটবল শিল্পের জন্য একটি ‘সিগন্যাল কেস’ হিসেবে বর্ণনা করেছে। তারা আরও জানিয়েছে যে, বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলো প্রায়শই বিশ্রাম ও যৌথ দর কষাকষির ক্ষেত্রে জাতীয় শ্রমমানকে উপেক্ষা করে।
ফিফপ্রো ইউরোপ ইউএনএফপি-কে আসন্ন শুনানিতে পূর্ণ সমর্থন জানানোর বিষয়টি নিশ্চিত করেছে এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ফুটবল কর্তৃপক্ষকে তাদের ‘পদ্ধতিগত ব্যর্থতার’ জন্য জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে, যেখানে খেলোয়াড়দের নিরাপত্তার চেয়ে বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “ফ্রান্স একা নয়: অনেক দেশই একই রকম পরিস্থিতিতে রয়েছে, যেখানে কাজের সময়, বিশ্রামের সময়, পেশাগত স্বাস্থ্য ও যৌথ দর কষাকষির ন্যূনতম মানগুলো বৈশ্বিক পর্যায়ে নেওয়া সিদ্ধান্তের কারণে কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”