বেইজিংয়ে মানবাকৃতির রোবটের অর্ধ-ম্যারাথন বিশ্বরেকর্ড

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত একটি হাফ-ম্যারাথনে মানুষের গতির রেকর্ড ভেঙে দিল একটি মানবাকৃতি রোবট। দেশটির প্রযুক্তি খাতের অভাবনীয় উন্নতির এ এক নজিরবিহীন দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

গত রবিবার বেইজিংয়ের ইজুয়াং-এর রাস্তায় রোবট ও মানুষের দৌড়ের সাক্ষী হতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। দুর্ঘটনা এড়াতে মানুষের জন্য নির্ধারিত লেন থেকে আলাদা লেনে ছুটছিল যন্ত্রচালিত এই প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটগুলোর মধ্যে কিছু ছিল অত্যন্ত ক্ষিপ্র, যারা বিশ্বসেরা মানব দৌড়বিদদের অনুকরণে ছুটছিল। এদের মধ্যে চীনা স্মার্টফোন নির্মাতা ‘অনার’-এর তৈরি একটি রোবট চমক সৃষ্টি করে। এটি স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম ব্যবহার করে প্রায় ২১ কিলোমিটারের এই দৌড় শেষ করে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, রোবটটির গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার।

এই গতি শুধু রবিবার অনুষ্ঠিত মানব দৌড়বিদদের সেরা সময়কেই ছাড়িয়ে যায়নি, বরং পুরুষদের বিশ্বরেকর্ডকেও (৫৭ মিনিট ২০ সেকেন্ড) ভেঙে দিয়েছে। উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপ্লিমোর দীর্ঘদিনের রেকর্ড এটি। গত বছর রোবট দৌড়বিদরা বারবার পড়ে গিয়েছিলেন এবং তাদের শেষ করতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছিল। সে তুলনায় এ বছরের ফলাফল অভাবনীয়।

বিজ্ঞাপন

আয়োজকদের তথ্যমতে, এ বছর রোবটের সংখ্যা প্রায় ২০ থেকে বেড়ে শতাধিক হয়েছে, যা এই খাতে রোবটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার ইঙ্গিত দেয়।

হ্যাং চেনয়ু নামে এক ২৫ বছর বয়সী শিক্ষার্থী রোবটটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ছবি তোলার সুযোগও পাননি। তিনি এএফপি’কে বলেন, প্রযুক্তির এমন অগ্রগতি তাকে মুগ্ধ করেছে। তবে, তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রযুক্তির এত দ্রুত বিকাশ মানুষের কর্মসংস্থানকেও প্রভাবিত করতে পারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নতির সাথে সাথে।

সম্প্রতি চীনে মানবাকৃতি রোবটগুলো গণমাধ্যম থেকে শুরু করে জনসমাগমের স্থানগুলোতে প্রায়শই দেখা যাচ্ছে।

চল্লিশ বছর বয়সী শিয়ে লেই পরিবার নিয়ে এই দৌড় দেখতে এসেছিলেন। তিনি বলেন, কয়েক বছরের মধ্যেই রোবট আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে পারে। বাড়ির কাজ, বয়স্কদের সঙ্গ দেওয়া, জরুরি সেবা বা বিপদসংকুল কাজ, এমনকি অগ্নিনির্বাপণের মতো কাজেও এদের ব্যবহার হতে পারে।

মানবাকৃতি রোবট হাফ-ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো উদ্ভাবনকে উৎসাহিত করা এবং এই ধরনের মেশিন তৈরি ও পরিচালনায় ব্যবহৃত প্রযুক্তিগুলোকে জনপ্রিয় করে তোলা।

চীনা সরকারি সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী, গত বছর রোবটিক্স এবং এমবেডেড এআই খাতে চীনে বিনিয়োগের পরিমাণ ছিল ৭ হাজার ৩৫০ কোটি ইউয়ান (প্রায় ১০.৮ বিলিয়ন ডলার), যা এই শিল্পের শক্তিমত্তারই পরিচায়ক।

শিয়ে লেই বলেন, হাজার হাজার বছর ধরে মানুষ পৃথিবীর শীর্ষে ছিল। কিন্তু এখন রোবটগুলো, অন্তত এই নির্দিষ্ট ক্রীড়া ইভেন্টে, স্বয়ংক্রিয় নেভিগেশনের দিক থেকে আমাদের ছাড়িয়ে যেতে শুরু করেছে। তিনি বলেন, একদিকে যেমন এতে মানবজাতির জন্য কিছুটা দুঃখবোধ কাজ করে, তেমনই অন্যদিকে প্রযুক্তি আমাদের অসীম কল্পনার খোরাক জুগিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%