বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে খুব দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।
শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচনের পর এটিই ছিল দলের প্রথম স্থায়ী কমিটির বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, “খুব দ্রুত কীভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটাই ছিল মূল আলোচনা।” তিনি জানান, বৈঠকে পুরোপুরি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলের চেয়ারম্যান সরকার গঠনের পর নেওয়া কর্মসূচি সম্পর্কে স্থায়ী কমিটির মতামত নিয়েছেন এবং অনেক সদস্য পরামর্শ দিয়েছেন।
সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
কোরবানির ঈদের আগে কাউন্সিল হওয়ার সম্ভাবনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আগামী কোরবানির ঈদের আগে হওয়ার সম্ভাবনা নেই। কাউন্সিলের সব প্রস্তুতি গুছিয়ে আনতে আমাদের অন্তত কয়েক মাস সময় লাগবে।”
সংসদীয় মহিলা আসন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।”
বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়াল) ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।