জাতীয় স্বার্থ নিশ্চিত করেই ভারতের সঙ্গে সম্পর্ক ও প্রধানমন্ত্রীর সফরের সিদ্ধান্ত নেবে সরকার

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনোভাবেই এ বিষয়ে আপস করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার ২২ আগস্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই। আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে জাতীয় স্বার্থ নিশ্চিত করেই উপযুক্ত সময়ে এই সফর অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক প্রত্যাশা করে। তবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখাই বর্তমান সরকারের মূলনীতি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পর্যায়ের সফর অত্যন্ত গুরুত্ববহ এবং এটি কোনো হুট করে আয়োজনের বিষয় নয়। সফরের আগে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা, সমন্বয় ও যথাযথ প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যদি আগামীকালও জাতীয় স্বার্থের বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছাতে পারে, তবে আগামী সপ্তাহ বা সুবিধাজনক যেকোনো সময়ে এই সফর হতে পারে।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার বিরুদ্ধে বাংলাদেশে চলমান বিচারিক প্রক্রিয়া একটি আইনি বিষয়। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় এই প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই চলমান। এটি কোনো নতুন সিদ্ধান্তের বিষয় নয় বরং নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা ছাড়াও আরও অনেক অপরাধী ভারতে পালিয়ে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনা বাংলাদেশের জনগণের একটি যৌক্তিক ও স্বাভাবিক দাবি। এ বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখা হবে বলে প্রতিমন্ত্রী জানান।
