Advertisement

শরীয়তপুর-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই: বিএনপি ও জামায়াতের প্রচারণা দাপট, অন্যান্য দল নীরব

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনে জাতীয় নির্বাচনের ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠছে রাজনৈতিক মাঠ। বিএনপি এবং জামায়াতে ইসলামী আগেই প্রার্থী ঘোষণা করায় তারা বর্তমানে সবচেয়ে সক্রিয়ভাবে ভোটের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু এবং জামায়াতের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম—দুজনেই নিজেদের অবস্থান সুদৃঢ় করতে প্রতিদিনই মাঠে প্রচারণা চালাচ্ছেন। লিফলেট বিতরণ থেকে শুরু করে গণসংযোগ—সব ক্ষেত্রেই তাদের উপস্থিতি এলাকাবাসীর চোখে স্পষ্ট।

বিজ্ঞাপন

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হানিফ মিয়া এবং খেলাফত মজলিসের প্রার্থী মুফতি খবির উদ্দিনও প্রার্থী হিসেবে থাকলেও তাদের প্রচারণা কার্যক্রম তুলনামূলক অনেক কম। স্থানীয়দের অনেকেই এই প্রার্থীদের নাম পর্যন্ত জানেন না বলে জানা গেছে। এনসিপি এবং অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল এখনও প্রার্থী ঘোষণা না করায় তাদের তেমন কোনো সক্রিয়তা মাঠে দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

শরীয়তপুরকে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। তবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকায় এ আসনে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। ফলে ঐতিহ্যগতভাবে শক্ত প্রতিদ্বন্দ্বী দলটির অনুপস্থিতি এলাকায় নতুন সমীকরণ তৈরি করেছে।

বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে—শরীয়তপুর-৩ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে। এলাকাবাসীর মতে, এ দুই দলের প্রচারণাই এখন পর্যন্ত সবচেয়ে চোখে পড়ার মতো, যা ইঙ্গিত করছে সামনে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

0%
0%
0%
0%