প্রায় পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষর করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকে পর্যটকদের ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এর মাধ্যমে পাহাড়ের এই নান্দনিক উপত্যকায় আবারও দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের পথ সুগম হলো।
এর আগে ১১ অক্টোবর অনিবার্য কারণবশত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। পাশাপাশি সে সময় সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হলে মূলত এই নিরাপত্তা সংকট তৈরি হয়েছিল। অবরোধের কারণে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ায় বহু পর্যটক ও যানবাহন আটকা পড়ে।
পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর নিরাপত্তায় পর্যটকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলে বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার ও মাচালং এলাকায় পর্যটকবাহী বহর বাধার মুখে পড়ে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে সেদিন বিকেল ৫টার দিকে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন এবং প্রশাসন ও সেনাবহিনীর সহায়তায় আটকে পড়া পর্যটকেরা নিরাপদে গন্তব্যে পৌঁছান।
তবে দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সংগঠন দুটি আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়। সাজেকের মাচালংসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অবস্থান অপসারণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল তারা। বৃহস্পতিবার দিনভর অবরোধ পালিত হওয়ার পর সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে অবরোধ স্থগিত বা শিথিল করার ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
সড়কে অবরোধ শিথিল হওয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় সাজেকে পুনরায় পর্যটন কার্যক্রম শুরু হওয়ার পথ উন্মুক্ত হলো। দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন সাজেককেন্দ্রিক পর্যটন ব্যবসায়ীরা। দ্রুততম সময়ের মধ্যে সাজেকে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে পর্যটকদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।