Advertisement

লোহাগাড়ার বটতলী স্কুল সড়কে চরম জনদুর্ভোগ সংস্কারের আশ্বাস প্রশাসনের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জনবহুল বটতলী স্কুল সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে, যার ফলে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, সাধারণ পথচারী ও যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের বটগাছের সামনে, মতল্লির ঢেক, সুফিয়া আলিয়া মাদরাসার গেট, জনকল্যাণ স্টেশন, পাইপের গোরা, বণিকপাড়া, মন্দিরের সামনে, নতুনবাজার, রেললাইনসংলগ্ন এলাকা এবং রোকেয়া বর বাড়িসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু অংশে পিচ ও খোয়া উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়কটি ব্যবহার করে ১০টিরও অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। খানাখন্দের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং জরুরি প্রয়োজনে রোগী পরিবহনে স্বজনদের পোহাতে হচ্ছে নিদারুণ কষ্ট।

বিজ্ঞাপন

গোলাম বারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর সড়কটি এ বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে অনেক শিক্ষার্থী ও পথচারী দুর্ঘটনার শিকার হচ্ছেন। জনদুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, জনদুর্ভোগের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সংস্কারের আশ্বাস পাওয়া গেছে। লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ জানিয়েছেন, সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় প্রাক্কলন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আকন্দ জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের বিষয়টি অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। প্রকৌশল বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

0%
0%
0%
0%