Advertisement

নিরাপদ অভিবাসন নিশ্চিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

চট্টগ্রামে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে গণমাধ্যমকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘নিরাপদ অভিবাসনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় তারা এ আহ্বান জানান। প্রত্যাশী ও স্ট্রেংদেন্ড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে, যেখানে জেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, সঠিক তথ্যের অভাব, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার সীমাবদ্ধতা এবং যথাযথ নথিপত্র যাচাই না করে বিদেশযাত্রার কারণে অনেক অভিবাসী নানামুখী ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এছাড়া গন্তব্য দেশের ভাষা ও আইন-কানুন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেক প্রবাসী কর্মস্থলে গিয়ে প্রতারণা ও হয়রানির শিকার হন। বিদেশ যাওয়ার আগে চাকরির চুক্তিপত্র ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতা যাচাই করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

কর্মশালায় অভিবাসীদের প্রত্যাবর্তনের পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার ওপরও জোর দেওয়া হয়। দেশে ফেরার পর কর্মসংস্থান বা আয়-রোজগারের সুযোগ তৈরিতে যথাযথ পরিকল্পনার অভাবে অনেক প্রবাসী নতুন করে সংকটে পড়ছেন। বর্তমান প্রেক্ষাপটে প্রায় ১ কোটি ৫০ লাখ বাংলাদেশি অভিবাসী বিভিন্ন দেশে অবস্থান করছেন বিধায় তাদের সুরক্ষা ও সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%