Advertisement

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জন বাংলাদেশি কর্মীর মধ্যে শনাক্তকৃত ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে এই ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের মরদেহ দেশে পাঠানোর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাসের তথ্যানুযায়ী, শনাক্তকৃতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাতজন রয়েছেন। নিহতরা হলেন উদনপৈ গ্রামের ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার। এছাড়া বাকি দু’জনের মধ্যে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিন মাঝি রয়েছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সরকার নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে শুরু থেকেই সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। বাকি সাতজনের পরিচয় শনাক্তকরণ এবং তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দূতাবাস ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

0%
0%
0%
0%