সিংড়ায় সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

নাটোরের সিংড়া উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বিভিন্ন বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। নিবন্ধিত এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি অনুদান অসহায় জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাপ্ত অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা এবং খাদ্যের মতো জরুরি প্রয়োজনগুলো মেটাতে হবে। শুধু আর্থিক সহায়তাই নয়, পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতেও সরকার নিরলসভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সরকারি সহায়তা যেন কোনোভাবেই অপচয় না হয় এবং প্রকৃত উপকারভোগীদের হাতেই তা পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মানুষের কল্যাণে গৃহীত প্রতিটি উদ্যোগ যেন স্বচ্ছতার সাথে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সজাগ থাকতে হবে।
