চৈত্র সংক্রান্তি: বাংলা নববর্ষের দ্বারপ্রান্তে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ উদযাপন

বাংলা বছর ১৪৩২-এর শেষ দিন আজ, ৩০ চৈত্র। চৈত্র মাসের রুক্ষতা আর জীর্ণতার শেষে নতুন বছরকে বরণ করার এই প্রথা বাঙালির এক গভীর ঐতিহ্য। পুরনোকে বিদায় জানানোর এই ক্ষণে মিশে থাকে নতুনের আশা আর নবজীবনের স্বপ্ন।

বিজ্ঞাপন

চৈত্র সংক্রান্তি শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি দীর্ঘ এক বছরের ক্লান্তি ও গ্লানি মোচনের প্রতীক। নতুন উদ্যমে, নতুন স্বপ্নে জীবনকে শুরু করার এই আহ্বান সকল বাঙালির হৃদয়ে এক নতুন প্রেরণা জাগায়। তাই এই দিনটি শুধু বিদায়ের নয়, বরং নতুন করে সব কিছু শুরু করার এক নীরব অঙ্গীকার।

ঐতিহ্যবাহী এই উৎসব অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রূপে পালিত হলেও এর মূল ভাবনা একই। বহু শতাব্দী ধরে বাঙালির জীবন, বিশ্বাস আর সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে চৈত্র সংক্রান্তি। একসময় এটি সনাতন ধর্মাবলম্বী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

গ্রামীণ বাংলায় চৈত্র সংক্রান্তির আমেজ থাকে আরও প্রাণবন্ত। পুরনো বছরের সব দুঃখ, গ্লানি ও ব্যর্থতা ভুলে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিতে মুখর হয়ে ওঠে জনপদ। ব্যবসায়ীরা পুরনো হিসাব চুকিয়ে ‘হালখাতা’ খোলার মাধ্যমে নতুন করে শুরু করেন, যা নতুন সূচনার এক সুন্দর প্রতীক।

বিজ্ঞাপন

খাদ্য সংস্কৃতিতেও চৈত্র সংক্রান্তির নিজস্বতা রয়েছে। এই দিনে আমিষ বর্জন করে নিরামিষ আহারের প্রচলন বহুদিনের। কোথাও কোথাও ১৪ প্রকার শাক দিয়ে ‘শাকান্ন’ রান্না প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর এক নিবেদন। এছাড়াও, অনেক অঞ্চলে ছাতু খাওয়ার প্রথাও এই দিনের ঐতিহ্যের অংশ।

সনাতন ধর্মাবলম্বীদের জন্য চৈত্র সংক্রান্তি এক গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। ব্রত পালন, শিব পূজা এবং বিভিন্ন বিধান পালনের মধ্য দিয়ে তারা এই দিনটিকে বিশেষ মর্যাদা দেন। সন্ধ্যার প্রদীপের আলো আগামী দিনের শান্তি ও সমৃদ্ধির প্রার্থনার প্রতীক হয়ে জ্বলে ওঠে।

সময়ের সাথে সাথে চৈত্র সংক্রান্তির রূপ বদলালেও এর গ্রামীণ ঐতিহ্য আজও অমলিন। মেলা, পুতুল নাচ, যাত্রা, লোকসংগীত ও নৃত্যের আয়োজন এই দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক সংগঠনগুলো এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

এই বছরও চৈত্র সংক্রান্তিকে ঘিরে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিনটি পালিত হবে নানা আয়োজনের মধ্য দিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে লোকশিল্প প্রদর্শনী ও অর্কেস্ট্রা পরিবেশনা।

লোকসংগীত, জারিগান, পটগান ও পুঁথিপাঠের মতো ঐতিহ্যবাহী আয়োজনের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য পরিবেশিত হবে। যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’ পরিবেশনার মাধ্যমে গ্রামীণ জীবনের চিরন্তন রূপকথার আবেশ সৃষ্টি করবে।

0%
0%
0%
0%