বাংলাদেশের পর্যটন উন্নয়নে যৌথভাবে কাজ করবে ইন্দোনেশিয়া

বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসারে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় বিদ্যমান ‘ভিসা অন অ্যারাইভাল’ বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি।
রোববার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ইন্দোনেশীয় রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের এভিয়েশন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পর্যটন গন্তব্যগুলোর প্রতি বাংলাদেশি পর্যটকদের ব্যাপক আগ্রহ রয়েছে উল্লেখ করে মন্ত্রী ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, পর্যটন শিল্পের বিকাশে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল বা এমআরও ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
রাষ্ট্রদূত লিস্টিওয়াতি দেশের হসপিটালিটি খাতের মানোন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা অটুট রাখতে ইন্দোনেশীয় সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
