AdvertisementAdvertisement

ময়মনসিংহে পুকুর খনন ও ঘাট নির্মাণে অনিয়মের অভিযোগ স্থানীয়দের ক্ষোভ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জোরবাড়ীয়া গ্রামে এলজিইডি-আইপিসিপি প্রকল্পের আওতায় ১৬ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন পুকুর পুনঃখনন ও ঘাট নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ পূর্ণাঙ্গরূপে শেষ হওয়ার আগেই পুকুরের উত্তর পাশের মাটি ধসে পড়ায় এবং নির্মিত ঘাটে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কাজের গুণগত মান বজায় না রেখে দায়সারাভাবে প্রকল্প বাস্তবায়নের ফলে সরকারি অর্থের অপচয় হচ্ছে।

স্থানীয় বাসিন্দা তোফাজ্জল হোসেন জানান, নির্মাণ কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় ঘাটে ফাটল ধরেছে এবং পরবর্তীতে জোড়াতালি দিয়ে সেগুলো মেরামতের চেষ্টা করা হয়েছে। আরেক বাসিন্দা সৈয়দ মামুনুর রশীদ নয়ন দাবি করেছেন, তিনি নিজ অর্থায়নে পুকুর থেকে দেড় লাখ টাকার মাটি অপসারণ করলেও প্রকল্প সংশ্লিষ্টরা পুকুরের তলদেশ থেকে কোনো মাটি কাটেননি। শুধুমাত্র পাড়ের সামান্য মাটি কেটে লোক দেখানো কাজ সম্পন্ন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Advertisement
বিজ্ঞাপন

গোলাম মোস্তফা নামের স্থানীয় অপর এক ব্যক্তি জানান, ভেকু মেশিন দিয়ে দায়সারাভাবে মাটি কাটার ফলে বর্তমানে পুকুরের বিভিন্ন স্থানে ধস নেমেছে। অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকল্পটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করে এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন জানিয়েছেন, প্রকল্পের আওতায় ঘাট ও বসার স্থান নির্মাণের জন্য ৮ লাখ টাকা, মাটি কাটার জন্য ৫ লাখ টাকা এবং গাছ ও ঘাস লাগানোর জন্য ২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমানে কাজ চলমান রয়েছে এবং বৃষ্টির কারণে যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, তা দ্রুত মেরামত করা হবে। তবে এলাকাবাসী এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%