চুয়াডাঙ্গায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ দুই ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে সড়ক বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে সরকারি জায়গা দখলমুক্ত করতে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রাস্তাটি দখলমুক্ত করা হয়। চলাচলের পথ প্রশস্ত করার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আসিফ মাহমুদ।
অভিযানকালে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। এর মধ্যে এক ফল ব্যবসায়ীকে এক হাজার টাকা এবং অন্য এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়। উচ্ছেদ কার্যক্রমের সময় সড়ক বিভাগ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের মোড় ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। ব্যস্ততম এই মোড়ে প্রায়শই যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ। এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চললেও কিছুদিনের ব্যবধানে ফের অবৈধভাবে দোকানপাট বসিয়ে দখলের চেষ্টা চালানো হয়।
এ ধরনের দখলবাজি রোধে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা। জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে, ভবিষ্যতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
