AdvertisementAdvertisement

উজিরপুরে খাল খনন প্রকল্পের ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ১০ কিলোমিটার খাল খনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত প্রায় ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে স্থানীয় উপজেলা প্রশাসন এই সরকারি অর্থের সাশ্রয় নিশ্চিত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পে বরাদ্দের চেয়ে কম ব্যয়ে কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গুঠিয়া ইউনিয়নের খালটি পুনর্খননের জন্য সরকার দুই কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেনের প্রত্যক্ষ বাস্তবায়নে প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর হিসাব নিকাশে দেখা যায়, প্রায় ৬০ লাখ টাকা ব্যয় হয়নি। পরবর্তীতে জনস্বার্থে ওই অর্থ পুনরায় সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, সরকারি প্রকল্পের অর্থ জনগণের করের টাকা, তাই এর যথাযথ সংরক্ষণ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। তিনি আরও যোগ করেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখা গেলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয় এবং জনগণের আস্থা বৃদ্ধি পায়। প্রকল্পের উদ্বৃত্ত অর্থ এখন সরকারের অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করার সুযোগ তৈরি হলো।

স্থানীয় সচেতন নাগরিকরা এই উদ্যোগকে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন। তাদের মতে, প্রকল্পের বরাদ্দকৃত পুরো অর্থ ব্যয় না করে মানসম্মত কাজ শেষে টাকা ফেরত দেওয়া বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত বিরল। এমন স্বচ্ছতা প্রশাসনের ওপর সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য যে, উজিরপুরে যোগদানের পর থেকেই মো. আলী সুজা প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও জনসচেতনতামূলক নানা উদ্যোগ নিয়ে আলোচনায় রয়েছেন। সাতলার লাল শাপলার বিলের পর্যটন উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ পর্যবেক্ষণে তার সক্রিয় ভূমিকা স্থানীয় পর্যায়ে বেশ সমাদৃত হয়েছে। জনসম্পৃক্ততামূলক এসব কাজের মাধ্যমে তিনি একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তা হিসেবে স্থানীয়দের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

0%
0%
0%
0%