AdvertisementAdvertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট জনদুর্ভোগ চরমে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে চলমান সড়ক সংস্কার কাজের জেরে সৃষ্টি হওয়া তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শুক্রবার ভোর থেকে জেলার ক্যান্টনমেন্ট এলাকা থেকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সারি দীর্ঘ হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থেকে নাকাল হচ্ছেন চালক ও সাধারণ যাত্রী।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আমতলী বিশ্বরোড এলাকায় সংস্কার কাজের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় তা মেরামতের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, যার ফলে যানবাহন চলাচলের গতি থমকে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করলেও ধীরগতির কারণে স্বাভাবিক হতে সময় লাগছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Advertisement
বিজ্ঞাপন

যানজটের তীব্রতা এতটাই প্রকট যে, বিকল্প পথ হিসেবে শত শত যানবাহন চৌয়ারা ও গোমতী হয়ে আমতলী বিশ্বরোডের দিকে ভিড় করছে। এতে স্থানীয় সড়কগুলোতেও প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এমন দীর্ঘ যানজট দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে চট্টগ্রাম ও বৃহত্তর নোয়াখালী অঞ্চল থেকে ঢাকা অভিমুখী রোগী ও জরুরি সেবার যানবাহনগুলো সবচেয়ে বেশি সংকটে পড়েছে।

পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আটকে থাকা ব্যবসায়ী আরিফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ছুটির দিনেও গন্তব্যে পৌঁছানো দায় হয়ে পড়েছে। একই স্থানে দুই ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়ে থাকা বাসচালক সোহেল রানা জানান, দেড় কিলোমিটার রাস্তা সংস্কারে দুই বছর সময় লাগার বিষয়টি জনমনে চরম ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে। অ্যাম্বুলেন্স চালক শরিফুল ইসলাম জানান, রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে যানজটের কবলে পড়ে স্বজনদের উৎকণ্ঠা চরম আকার ধারণ করেছে।

Advertisement
বিজ্ঞাপন

কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম জানান, সংস্কার কাজের ফলে যানবাহনের গতি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে এই ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়সারা কাজ নিয়ে স্থানীয় সচেতন মহল তীব্র অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%