নাজিরপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি সুলতানা জেসমিন জুঁইয়ের

পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই নাজিরপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, অতীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির কারণে জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এই কলঙ্ক মুছে ফেলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
নাজিরপুর নিজের এলাকা হওয়ায় এখানে উন্নয়নমূলক কাজের গভীর আগ্রহ প্রকাশ করে সুলতানা জেসমিন জুঁই বলেন, অত্র এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নাজিরপুরের সমস্যাগুলো সমাধানে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে ভবিষ্যতের উন্নয়নযজ্ঞে তাদের অবদান গর্বের সঙ্গে স্মরণ করা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুর রাজ্জাক। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাওহীদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই র্যালিটি নাজিরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশস্থলে মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দেশের অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
