AdvertisementAdvertisement

বুড়িচংয়ে পরিযায়ী পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্যোগী প্রশাসন ও স্থানীয়রা

কুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে নয় সদস্যবিশিষ্ট একটি সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন কিশোরনগর গ্রামস্থ পাখির বিচরণক্ষেত্র পরিদর্শন করেন। পরে স্থানীয় বাসিন্দা, জমির মালিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি পাখির আবাসস্থল সুরক্ষার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় উপজেলা বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা তারিকুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইউনিয়ন পরিষদ সদস্য সুলতান আহমেদ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

পরিদর্শনকালে সভায় জানানো হয়, প্রায় তিন একর এলাকাজুড়ে বিস্তৃত বাঁশঝাড়, পুকুর ও বিভিন্ন প্রজাতির গাছে প্রতিবছর পাঁচ থেকে ছয় প্রজাতির পরিযায়ী পাখি আশ্রয় নেয়। সাধারণত জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাস পর্যন্ত—এই তিন থেকে চার মাস পাখিগুলো এখানে অবস্থান করে। যদিও এলাকাটিতে বড় ধরনের পাখি শিকারের প্রবণতা নেই, তবুও বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তি পাখি ধরার চেষ্টা করায় পাখিদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।

দীর্ঘমেয়াদী সুরক্ষার লক্ষ্যে প্রকৌশলী তফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং উপজেলা বন কর্মকর্তাকে সদস্য সচিব করে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জয়নাল আবেদীন, রোকনুজ্জামান, অলিউল্লাহ, মাহবুব, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন এবং স্থানীয় ওয়ার্ড সদস্য। এই কমিটি পাখির আবাসস্থলে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, ঝুঁকিপূর্ণ স্থানে বেড়া বা তারকাঁটা দেওয়া এবং নতুন করে বৃক্ষরোপণের কাজ তদারকি করবে।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রাকৃতিক অভয়ারণ্য ভবিষ্যতেও পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে টিকে থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, পরিবেশ ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিযায়ী পাখিদের সুরক্ষায় স্থানীয়দের সহযোগিতায় সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত থাকবে।

0%
0%
0%
0%