জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরে কক্সবাজার সাংবাদিক নেতাদের শ্রদ্ধা ও পরিবারের সাথে সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পাঁচজনের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় সাংবাদিক নেতারা। রবিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও ঈদগাঁও এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
সকালে সাংবাদিক নেতারা মহেশখালীর কালারমারছড়ায় শহীদ তানভীর সিদ্দিকীর গ্রামের বাড়িতে গিয়ে তার বাবা বাদশা মিয়াসহ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কবরে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা মোহাম্মদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
পরবর্তীতে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছরারকুল বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে শহীদ আহসান হাবিবের কবরে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ আহসান হাবিবের বাবা মোহাম্মদ হেলাল উদ্দিন ও ভাই রায়হান হাবিব তাদের স্বজন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেলে ঈদগাঁওয়ে পৌঁছালে সাংবাদিক নেতাদের পক্ষ থেকে শহীদ নুরুল আমিন ও নুরুল মোস্তফার পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ জেলা ও স্থানীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গণঅভ্যুত্থান উপলক্ষে ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার জুলাই গ্রাফিতি অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ৪ আগস্ট খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
