শ্রম খাতের সংস্কার ও সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সোমবার ২০ জুলাই বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। গিলবার্ট এফ হোংবো মন্তব্য করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের শ্রম খাতের টেকসই উন্নয়নে এবং দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আইএলও প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে তার সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একটি শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। তিনি একে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার অনন্য স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। স্বল্প সময়ে বর্তমান সরকারের অর্জিত কূটনৈতিক সাফল্যের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

বিজ্ঞাপন

উভয় পক্ষ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং শ্রম খাতের সংস্কার কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা জোরদারের বিষয়েও ইতিবাচক মতবিনিময় হয়েছে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও জেনেভা সদর দপ্তরের মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে আলোচনায় অংশ নেন।

0%
0%
0%
0%