প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী আর নেই। ৭৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যানসার ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নাফিজ চৌধুরী।
পারিবারিক সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে কিছুদিন আগে নজরুল ইসলাম চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখান থেকে কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের ওআর নিজাম রোডের বিভারলি হিল সোসাইটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার বেলা ১১টায় নিজ নির্বাচনি এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।
ছাত্রজীবন থেকেই রাজনীতির ময়দানে সক্রিয় ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নেওয়া এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ সময় চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক কর্মময় জীবনে তিনি চট্টগ্রাম-১৪ আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে রাজনৈতিক পটপরিবর্তন ও জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার ফলে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদের অবসান ঘটে। তার মৃত্যুতে চন্দনাইশ ও সাতকানিয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।