কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি নয়, অর্থনীতি হবে আরও সচল: তারেক রহমান

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি সৃষ্টি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং এসব উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির আওতায় কতজনকে অন্তর্ভুক্ত করা হবে, বাজেটের পরিমাণ কত হবে—এসব বিষয় ধাপে ধাপে নির্ধারণ করা হবে। একসঙ্গে সবার কাছে সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, প্রতি মাসে পর্যায়ক্রমে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, অধিক সংখ্যক নারী ফ্যামিলি কার্ড এবং অধিক সংখ্যক কৃষক কৃষক কার্ড পাবেন। প্রতি বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে এবং এটি অগ্রাধিকার পাবে।

বিজ্ঞাপন

মূল্যস্ফীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমরা টাকা ছাপিয়ে দিচ্ছি না, তাই মূল্যস্ফীতি হওয়ার প্রশ্নই আসে না।” বরং এই অর্থ স্থানীয় অর্থনীতিতে প্রবাহিত হয়ে বাজারকে আরও সক্রিয় করবে।

তিনি আরও বলেন, প্রান্তিক কৃষক ও নারীরা এই অর্থ দেশের ভেতরেই ব্যয় করবেন। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতিতে গতি আসবে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, কেউ যদি এই অর্থ দিয়ে স্থানীয় দোকান থেকে পণ্য ক্রয় করেন, তাহলে দোকানির বিক্রি ও আয় বাড়বে এবং প্রয়োজনে নতুন কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ স্থানীয় শিল্পের পণ্য ব্যবহার করে। ফলে এই উদ্যোগ স্থানীয় শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, তাৎক্ষণিক বড় পরিবর্তন না এলেও আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

0%
0%
0%
0%