শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য চালু হলো বিনামূল্যের শাটল বাসসেবা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসাধারণের যাতায়াত সহজতর, নিরাপদ ও আরামদায়ক করতে বিনা মূল্যের শাটল বাসসেবা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার ৮ জুলাই বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বিজ্ঞাপন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই বাসগুলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর পর্যন্ত নির্ধারিত রুটে চলাচল করবে। যাত্রীরা কোনো প্রকার ভাড়া ছাড়াই এসব রুটে যাতায়াত করতে পারবেন, যা যাত্রীসেবার মানে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বিশেষ করে প্রবীণ, নারী, শিশু, শারীরিকভাবে অসুস্থ যাত্রী এবং ভারী মালামাল বহনকারী ভ্রমণপিপাসুদের যাতায়াত ব্যবস্থাকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এছাড়া ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকার যানজট নিরসন এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রেও এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মানোন্নয়ন ও বিশ্বমানের সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই মূলনীতিকে ধারণ করেই ভবিষ্যতেও জনবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিমানবন্দর সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ আশা করছে, এই শাটল বাসসেবা চালুর ফলে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সাধারণ যাত্রীরা তাদের যাতায়াতে এক বিশেষ সুবিধা ভোগ করবেন।

0%
0%
0%
0%